শীতের বৃষ্টিতে ফিলিস্তিনের গাজা উপত্যকার প্রায় এক হাজার শিবির ও বাস্তুচ্যুতদের আশ্রয়কেন্দ্র প্লাবিত হওয়ার ঝুঁকিতে রয়েছে বলে সতর্ক করেছে গাজার পৌরসভাগুলোর সংগঠন। আল জাজিরা জানিয়েছে, গাজা সিটিতে বুধবার এক বৈঠকের পর ইউনিয়ন অব গাজা স্ট্রিপ মিউনিসিপ্যালিটিস এই সতর্কতা দেয়। যুদ্ধে নর্দমা ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হওয়া এবং পাম্পের ঘাটতির কারণে পানি সরাতে হিমশিম খাচ্ছেন কর্মীরা বলে সংগঠনটি জানিয়েছে।
সংগঠনটি বিশেষ করে মধ্য গাজার আল-মুঘরাকা ও আল-জাহরা এলাকার কথা উল্লেখ করেছে, যেখানে ওয়াদি গাজার পানি হঠাৎ বেড়ে যেতে পারে। পুরো উপত্যকায় প্রায় দুই লাখ জীর্ণ তাঁবু বদলানো প্রয়োজন এবং দুই হাজারের বেশি ক্ষতিগ্রস্ত ভবন ধসে পড়ার ঝুঁকিতে রয়েছে বলেও জানানো হয়েছে। গাজার সরকারি মিডিয়া অফিস মঙ্গলবার জানিয়েছিল, কয়েক দিনের মধ্যে আরেকটি ঝড় আসতে পারে।
২০২৩ সালের অক্টোবরে ইসরায়েলের যুদ্ধ শুরুর পর এটি গাজার চতুর্থ শীত। ইউনিয়ন জানিয়েছে, নভেম্বরের শুরুর ঝড়ে প্রায় ৭০ হাজার তাঁবু প্লাবিত হয় এবং তিন লাখ ৫০ হাজারের বেশি বাস্তুচ্যুত মানুষ ক্ষতিগ্রস্ত হন। প্রথম বৃষ্টির সময় গাজার বেসামরিক প্রতিরক্ষা দলের সদস্যরা সাহায্যের জন্য আসা আহ্বানের মাত্র অল্প অংশের কাছেই পৌঁছাতে পেরেছিলেন বলে আল জাজিরা জানিয়েছে।
এদিকে ব্রাসেলসে বুধবার ইউরোপীয় কমিশন ইসরায়েলের প্রতি মানবিক সহায়তার জন্য গাজার সব সীমান্ত পারাপার আবার খুলে দেওয়ার আহ্বান জানিয়েছে। কমিশনের মুখপাত্র এভা র্নচিরোভা বলেছেন, তাঁবুবোঝাই ট্রাক গাজার বাইরে অপেক্ষা করছে, কারণ সেগুলো ও তাঁবু খাটানোর সরঞ্জাম ঢুকতে দিচ্ছে না ইসরায়েল। জাতিসংঘ চলতি মাসের শুরুতে জানিয়েছিল, এক লাখ ৫০ হাজারের বেশি তাঁবু গাজায় ঢোকার অপেক্ষায় রয়েছে।
অন্যদিকে ইসরায়েলের সামরিক সমন্বয় সংস্থা কোগাট বলেছে, শীতকালীন সহায়তা কর্মসূচি শুরুর পর থেকে প্রায় এক লাখ তাঁবু গাজায় ঢুকেছে। সংস্থাটি আরও বলেছে, হামাস পুরোপুরি নিরস্ত্র হওয়ার পরই কেবল পুনর্গঠন সরঞ্জাম ঢুকতে দেওয়া হবে। গাজার পৌরসভাগুলো পরের ঝড়ের আগেই পাম্প, ব্যাকআপ জেনারেটর ও জ্বালানি চেয়েছে; পাশাপাশি জরুরি মেরামতের জন্য ১০ হাজার টন সিমেন্ট এবং বাতাস-বৃষ্টি সহ্য করতে পারে এমন অস্থায়ী ঘরের দাবিও জানিয়েছে তারা।







