ব্রিটেনে বার্ষিক নিট অভিবাসন প্রায় তিন দশকের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। রয়টার্স জানিয়েছে, বৃহস্পতিবার (২৬ নভেম্বর) প্রকাশিত সরকারি পরিসংখ্যান অনুযায়ী জুন মাসে শেষ হওয়া বছরে দেশটির নিট অভিবাসন দাঁড়িয়েছে ৭৭ হাজারে, যা আগের বছরের ২ লাখ ৪ হাজার থেকে অনেক কম। করোনা মহামারির সময়ের পতন বাদ দিলে ১৯৯৭ সালের পর এটাই সর্বনিম্ন সংখ্যা।
ব্রিটেনের জাতীয় পরিসংখ্যান দপ্তর (ওএনএস) জানিয়েছে, ওই ১২ মাসে প্রায় ৭ লাখ ৩৮ হাজার মানুষ ব্রিটেনে এসেছেন এবং ৬ লাখ ৬১ হাজার মানুষ দেশটি ছেড়ে গেছেন; এই দুই সংখ্যার পার্থক্যই নিট অভিবাসন। ওএনএসের তথ্য অনুযায়ী, ২০২৩ সালে প্রায় ১০ লাখের কাছাকাছি পৌঁছানো শীর্ষ পর্যায় থেকে নিট অভিবাসন এখন প্রায় ৯০ শতাংশ কমে গেছে।
পরিসংখ্যান দপ্তর জানিয়েছে, এই পতনের প্রধান কারণ ইউরোপীয় ইউনিয়নের বাইরের দেশগুলো থেকে দীর্ঘমেয়াদি অভিবাসন কমে যাওয়া। কর্মী, শিক্ষার্থী ও আশ্রয়প্রার্থীদের জন্য কঠোর করা অভিবাসন নিয়মের প্রতিফলন এই হ্রাসে দেখা যাচ্ছে বলে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে। একই সময়ে আশ্রয় আবেদনের সংখ্যা ছিল ৭৩ হাজার, যা আগের বছরের তুলনায় পাঁচ ভাগের এক ভাগের বেশি কম, যদিও তা ২০০৪ থেকে ২০২১ সালের মধ্যকার পর্যায়ের চেয়ে এখনও বেশি।
রাজনৈতিকভাবে এই পরিসংখ্যান ব্রিটেনের লেবার সরকারের জন্য স্বস্তির বলে রয়টার্স জানিয়েছে, কারণ অভিবাসন কমানোর লক্ষ্য আগের সরকারগুলোও দীর্ঘদিন ধরে নির্ধারণ করে আসছিল, কিন্তু তা অর্জিত হয়নি। তবে অভিবাসন এত দ্রুত কমে যাওয়া অর্থনীতির জন্য বাধা হয়ে দাঁড়াতে পারে বলেও প্রতিবেদনে আশঙ্কার কথা বলা হয়েছে, কারণ দেশটির অনেক খাত বিদেশি কর্মীর ওপর নির্ভরশীল।
এদিকে ইংলিশ চ্যানেল পেরিয়ে ছোট নৌকায় ব্রিটেনে পৌঁছানো অনিয়মিত অভিবাসীর সংখ্যাও কমেছে। প্রকাশিত হিসাবে, চলতি বছরের শুরু থেকে ১৩ নভেম্বর পর্যন্ত এই পথে প্রায় ২৩ হাজার ৫০০ মানুষ পৌঁছেছেন, যা আগের বছরের একই সময়ের তুলনায় প্রায় ৪০ শতাংশ কম। ওএনএস বলেছে, প্রাথমিক হিসাবে জুনে শেষ হওয়া বছরে দীর্ঘমেয়াদি আন্তর্জাতিক নিট অভিবাসন আগের বছরের তুলনায় অর্ধেকের বেশি কমেছে।








