২০৩০ সালের মধ্যে সর্বত্র বিস্তৃত ও শীর্ষমানের পরবর্তী প্রজন্মের যোগাযোগ নেটওয়ার্ক গড়ার রোডম্যাপ প্রকাশ করেছে চীন। সিনহুয়া জানিয়েছে, দেশটির শিল্প ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়, সাইবারস্পেস প্রশাসন এবং জাতীয় উন্নয়ন ও সংস্কার কমিশন যৌথভাবে বৃহস্পতিবার এ বাস্তবায়ন পরিকল্পনা প্রকাশ করেছে।
পরিকল্পনা অনুযায়ী, যথাযথ সময়ে ৬জি নেটওয়ার্কের উন্নয়ন এগিয়ে নেওয়া হবে এবং ২০৩০ সালের মধ্যে নিম্ন-কক্ষপথের স্যাটেলাইট ইন্টারনেট ব্যবস্থার নির্মাণ মূলত সম্পন্ন করা হবে। নতুন এই নেটওয়ার্ক গড়ে উঠবে ৫জি-অ্যাডভান্সড, ৬জি, ১০-গিগাবিট অপটিক্যাল যোগাযোগ ও স্যাটেলাইট ইন্টারনেট প্রযুক্তিকে কেন্দ্র করে।
গ্লোবাল টাইমসের বরাত দিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জানিয়েছে, রোডম্যাপে ভিত্তি নেটওয়ার্ক, মহাকাশভিত্তিক নেটওয়ার্ক, আন্তর্জাতিক নেটওয়ার্ক ও সমন্বিত নেটওয়ার্ক—এই চারটি পরস্পর-সংযুক্ত নেটওয়ার্কের কথা বলা হয়েছে। পাশাপাশি উচ্চমানের চিপ, গুরুত্বপূর্ণ সফটওয়্যার ও স্যাটেলাইট যোগাযোগে অগ্রগতির ওপরও জোর দেওয়া হয়েছে।
কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর অর্থনীতিকে সমর্থন দিতে পরিকল্পনায় ১০ হাজারের বেশি অ্যাক্সিলারেটর কার্ডসমৃদ্ধ কম্পিউটিং ক্লাস্টার গড়া এবং কম্পিউটিং কেন্দ্রগুলোর সঙ্গে বেশি চাহিদার এলাকাগুলোর মধ্যে দ্রুতগতির সংযোগ স্থাপনের কথা বলা হয়েছে। কম্পিউটিং সম্পদ পর্যবেক্ষণ ও বণ্টনের জন্য একটি একীভূত জাতীয় প্ল্যাটফর্ম তৈরির পরিকল্পনাও রয়েছে এতে।
এই রোডম্যাপ চীনের ২০২৬–২০৩০ মেয়াদি পঞ্চদশ পঞ্চবার্ষিক পরিকল্পনার ছয়টি নেটওয়ার্ক অবকাঠামো অগ্রাধিকারের একটি। চীনের জাতীয় উন্নয়ন ও সংস্কার কমিশন জানিয়েছে, ছয়টি নেটওয়ার্ক ও সংশ্লিষ্ট খাতে এ বছর বিনিয়োগ ৭ লাখ কোটি ইউয়ান ছাড়িয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে। গ্লোবাল টাইমসকে চীনা বিশেষজ্ঞ লিউ গ্যাং বলেছেন, এই উদ্যোগ মূলত একটি বুদ্ধিমান অর্থনীতির চাহিদা অনুযায়ী অবকাঠামো গড়ার বিষয়।








