আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় বালখ প্রদেশে সরকারি নথিপত্রে নারীদের আসল নাম লেখা নিষিদ্ধ করেছে তালেবান কর্তৃপক্ষ। চিকিৎসকের ব্যবস্থাপত্র ও মেডিকেল রেকর্ডেও নারী রোগীদের নাম ব্যবহার করা যাবে না বলে প্রতিবেদনে জানিয়েছে স্পেনের সংবাদমাধ্যম এল পাইস।
আফগান সংবাদমাধ্যম জান টাইমস ও ব্রিটিশ সংবাদপত্র দ্য গার্ডিয়ানের অনুসন্ধান অনুযায়ী, প্রদেশটির হাসপাতালের স্বাস্থ্যকর্মী ও অন্যান্য সরকারি কর্মচারীদের নারীদের ‘বিবি’ বলে সম্বোধন করার নির্দেশ দেওয়া হয়েছে। আফগানিস্তানে ‘বিবি’ শব্দটি সাধারণত সম্মানসূচক সম্বোধন হিসেবে ব্যবহৃত হয়, যার অর্থ অনেকটা ‘দাদি’ বা ‘বয়স্ক নারী’।
তবে অধিকারকর্মীদের ভাষ্য ভিন্ন। জার্মানিতে বসবাসরত আফগান অধিকারকর্মী লালাহ ওসমানি জানিয়েছেন, নারী, চিকিৎসক ও মানবাধিকারকর্মীদের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী কিছু ক্ষেত্রে নারীদের ‘ছাগল’ বা ‘গরু’র মতো অবমাননাকর শব্দেও ডাকা হচ্ছে। তাঁর মতে, নাম কেড়ে নেওয়া মানুষকে মানবিক সত্তা থেকে বঞ্চিত করার একটি প্রক্রিয়া।
কাবুলের এক অধিকারকর্মী এই নির্দেশের বিষয়টি নিশ্চিত করেছেন, তবে জানিয়েছেন এখন পর্যন্ত অনেকে তা মানছেন না। যুক্তরাষ্ট্রভিত্তিক সংগঠন ফেমেনার আফগানিস্তান কর্মসূচির পরিচালক জুবাইদা আকবর আশঙ্কা প্রকাশ করে বলেছেন, স্থানীয় পর্যায়ে শুরু হওয়া এ ধরনের সিদ্ধান্ত পরে সারা দেশের জন্য ফরমান হিসেবে জারি হতে পারে। ফেমেনার হিসাব অনুযায়ী, নারীদের অধিকার সীমিত করতে তালেবান এ পর্যন্ত ১৪৪টির বেশি নির্দেশ জারি করেছে।
অধিকারকর্মীরা আরও সতর্ক করেছেন, হাসপাতালে একই ‘বিবি’ নামে ডজনখানেক রোগীর নথি সংরক্ষিত হলে চিকিৎসায় ভুলের ঝুঁকি বাড়বে। ২০২১ সালে তালেবান ক্ষমতায় ফেরার পর থেকে ১২ বছরের বেশি বয়সী মেয়েদের পড়াশোনা বন্ধসহ নারীদের ওপর একের পর এক বিধিনিষেধ আরোপ করা হয়েছে বলে প্রতিবেদনগুলোতে উল্লেখ করা হয়েছে।








