প্রথমবারের মতো বাংলাদেশে শুরু হয়েছে সিআইএসএম বিশ্ব সামরিক গলফ চ্যাম্পিয়নশিপ। রাজধানীর কুর্মিটোলা গলফ ক্লাবে আয়োজিত এই প্রতিযোগিতার ১৭তম আসরে বাংলাদেশসহ ১৪টি দেশের মোট ১২১ জন গলফার ও কর্মকর্তা অংশ নিচ্ছেন বলে আয়োজকরা জানিয়েছেন।
সশস্ত্র বাহিনী বিভাগের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত প্রতিযোগিতাটি কুর্মিটোলা গলফ ক্লাবে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, আট দিনব্যাপী এই আসর চলবে ২৭ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত।
আইএসপিআর আরও জানিয়েছে, প্রতিযোগিতায় পুরুষ ও নারী বিভাগে ব্যক্তিগত ইভেন্টের পাশাপাশি দলগত প্রতিযোগিতাও রয়েছে। অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে রয়েছে ব্রাজিল, কানাডা, এস্তোনিয়া, ফ্রান্স, জার্মানি, ভারত, কেনিয়া, নেদারল্যান্ডস, দক্ষিণ আফ্রিকা, স্পেন ও শ্রীলঙ্কা; সিআইএসএমের সদর দপ্তরের প্রতিনিধিরাও উপস্থিত থাকবেন।
আয়োজকদের মতে, অলিম্পিকের পর বিশ্বের দ্বিতীয় বৃহত্তম আন্তর্জাতিক ক্রীড়া সংস্থা হিসেবে পরিচিত সিআইএসএম প্রতিষ্ঠিত হয় ১৯৪৮ সালের ১৮ ফেব্রুয়ারি ফ্রান্সের নিস শহরে। বর্তমানে এর সদস্য দেশ ১৪২টি। বাংলাদেশ ১৯৭৬ সালে সংস্থাটির ৪১তম সদস্য হিসেবে যোগ দেয় এবং এরপর থেকে সশস্ত্র বাহিনী নিয়মিত এর বিভিন্ন আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিয়ে আসছে।
এর আগে ২০২৪ সালে ঢাকায় তৃতীয় সিআইএসএম বিশ্ব সামরিক আর্চারি চ্যাম্পিয়নশিপ সফলভাবে আয়োজন করেছিল বাংলাদেশ। আয়োজকরা জানিয়েছেন, এবার বিশ্ব সামরিক গলফ চ্যাম্পিয়নশিপ আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক সামরিক ক্রীড়াঙ্গনে বাংলাদেশের সাংগঠনিক সক্ষমতা ও ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরার আরেকটি সুযোগ তৈরি হলো। প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠান হবে ৩ ডিসেম্বর।







