রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মারিশ্যা জোনের আকাশে রহস্যময় তিনটি ড্রোন দেখা যাওয়ার পর সেগুলো লক্ষ্য করে গুলি চালিয়েছেন দায়িত্বরত বিজিবি সদস্যরা। শুক্রবার (২৭ নভেম্বর) রাত ১০টার দিকে ২৭ বিজিবি মারিশ্যা জোনের হেলিপ্যাডের ওপর এ ঘটনা ঘটে বলে বিজিবি সূত্র জানিয়েছে। মারিশ্যা জোনের উপ-অধিনায়ক মেজর সাকিব ইসরাক অপূর্ব ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বিজিবি ও স্থানীয় সূত্র জানিয়েছে, রাতে হঠাৎ হেলিপ্যাডের আকাশে লাল ও সাদা আলোজ্বলা ড্রোনগুলো উড়তে দেখা যায়। ঘটনা নজরে আসার সঙ্গে সঙ্গে আশপাশের সব বিওপি (বর্ডার অবজারভেশন পোস্ট) ক্যাম্পকে সতর্ক করা হয়। পরে মারিশ্যা জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম জাহিদের (পিএসসি) নির্দেশনায় ড্রোনগুলো ভূপাতিত করার লক্ষ্যে এলএমজি (লাইট মেশিনগান) থেকে পরপর ১৫ রাউন্ড গুলি ছোড়া হয়। গুলি ছোড়ার পরপরই ড্রোনগুলো দ্রুত এলাকা ছেড়ে দূরে সরে যায়।
ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যেখানে রাতের অন্ধকারে আকাশের দিকে বিজিবি সদস্যদের গুলি ছুড়তে দেখা গেছে বলে ভয়েস সেভেন নিউজ জানিয়েছে। তবে ড্রোনগুলো কোথা থেকে এসেছিল, কারা সেগুলো পরিচালনা করছিল কিংবা গুলিতে কোনো ড্রোন আঘাত পেয়েছে কি না, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ড্রোনের উৎস ও পরিচালনাকারীদের পরিচয়ও এখনো নিশ্চিত হয়নি।
লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ বলেছেন, সীমান্তের নিরাপত্তা রক্ষা এবং যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি সদা তৎপর রয়েছে। এ ঘটনার পর থেকে জোনের আওতাধীন সব বিওপিকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে। সংশ্লিষ্টদের ধারণা, পাহাড়ের চলমান পরিস্থিতির সুযোগ নিয়ে কেউ এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করতে পারে, যদিও এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
ভয়েস সেভেন নিউজ জানিয়েছে, বাঘাইছড়ির সাজেকসহ দুর্গম এলাকা ও মিজোরাম সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান ঠেকাতে সম্প্রতি নজরদারি জোরদার করেছে বিজিবি। মারিশ্যা জোন প্রায় ১৫১ কিলোমিটার সীমান্ত এলাকায় দিনরাত টহল দিচ্ছে। ড্রোন দেখা যাওয়ার ঘটনার পর ওই এলাকায় নজরদারি ও গোয়েন্দা তৎপরতা আরও বাড়ানো হয়েছে বলে জানা গেছে।








