স্বাস্থ্য খাতে টেকসই অর্থায়নে সহযোগিতা জোরদারে একমত বাংলাদেশ ও ইন্দোনেশিয়া

Tajanews24

Published: নভেম্বর 28, 2026, 2:14 পূর্বাহ্ন

স্বাস্থ্য খাতে টেকসই অর্থায়ন ব্যবস্থা গড়ে তোলা এবং চিকিৎসার ব্যয় মেটাতে গিয়ে সাধারণ মানুষের আর্থিক বিপর্যয় ঠেকাতে পারস্পরিক সহযোগিতা জোরদার করতে সম্মত হয়েছে বাংলাদেশ ও ইন্দোনেশিয়া। শুক্রবার (২৭ নভেম্বর) বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে দুই দেশের স্বাস্থ্য খাতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদের অংশগ্রহণে অনলাইনে এক দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে ইন্দোনেশিয়ার প্রতিনিধিদলের নেতৃত্ব দেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী ড. বুদি জি. সাদিকিন। বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ড. এস এম জিয়াউদ্দিন হায়দার। দুই পক্ষের কর্মকর্তারা বৈঠকে অংশ নেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

বৈঠকে দুই দেশের স্বাস্থ্য খাতের অগ্রাধিকার, বিদ্যমান চ্যালেঞ্জ এবং চলমান স্বাস্থ্যব্যবস্থা সংস্কার নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ গুরুত্ব পায় স্বাস্থ্য খাতে টেকসই অর্থায়নের কাঠামো গড়ে তোলা, চিকিৎসাব্যয়জনিত আর্থিক বিপর্যয় প্রতিরোধ, ব্যক্তির নিজ পকেট থেকে স্বাস্থ্যব্যয় কমানো এবং সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করার কার্যকর কৌশল।

উভয় দেশের প্রতিনিধিরা স্বাস্থ্যব্যবস্থার উন্নয়নে পারস্পরিক সহযোগিতা বাড়ানো এবং অভিজ্ঞতা বিনিময়ের বিষয়ে আগ্রহ ও অঙ্গীকার ব্যক্ত করেন। জ্ঞান, অভিজ্ঞতা ও কারিগরি দক্ষতা বিনিময়ের জন্য একটি কাঠামোবদ্ধ ও ধারাবাহিক ব্যবস্থা গড়ে তোলার বিষয়েও বৈঠকে আলোচনা হয়েছে বলে জানা গেছে।

সংশ্লিষ্টরা এই উচ্চপর্যায়ের বৈঠককে স্বাস্থ্য খাতে দক্ষিণ-দক্ষিণ সহযোগিতা জোরদারের একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে দেখছেন। এর মাধ্যমে দুই দেশের মধ্যে দীর্ঘমেয়াদি অংশীদারত্ব গড়ে ওঠার পাশাপাশি অন্তর্ভুক্তিমূলক, ন্যায়সংগত ও আর্থিকভাবে টেকসই স্বাস্থ্যব্যবস্থা প্রতিষ্ঠার পথ সুগম হবে বলে আশা করা হচ্ছে।