ঘূর্ণিঝড় দিতওয়াহ শ্রীলঙ্কায় আঘাত হানার এক বছর পূর্তিতে দেশটিতে নিজেদের জরুরি ত্রাণ ও পুনরুদ্ধার কার্যক্রম শেষ করার ঘোষণা দিয়েছে আন্তর্জাতিক মানবিক সংস্থা ওয়ার্ল্ড ভিশন। সংস্থাটি জানিয়েছে, শ্রীলঙ্কা সরকারের সঙ্গে অংশীদারত্বে পরিচালিত এই কার্যক্রমে ৯০ লাখ ডলারের বেশি অর্থ ব্যয় হয়েছে।
ওয়ার্ল্ড ভিশন জানিয়েছে, দেশটির ২৫টি জেলার মধ্যে ২৩টি জেলার ৩১টি এলাকায় তাদের কার্যক্রম পৌঁছেছে। এতে সহায়তা পেয়েছেন মোট ২ লাখ ৩৭ হাজার ৯৮০ জন ক্ষতিগ্রস্ত মানুষ, যাদের মধ্যে ১ লাখ ২৩ হাজারই শিশু। জরুরি পর্যায়ে শুকনো খাবার, বিশুদ্ধ পানি, স্যানিটারি ও স্বাস্থ্য উপকরণ এবং পরিষ্কার-পরিচ্ছন্নতার সামগ্রী দেওয়া হয় বলে সংস্থাটি জানিয়েছে।
পরবর্তী পুনরুদ্ধার পর্যায়ে পরিবারগুলোকে মানসিক স্বাস্থ্য ও মনোসামাজিক সহায়তা, পানি ও স্যানিটেশন ব্যবস্থা পুনরুদ্ধার এবং নগদ ভাউচার সহায়তা দেওয়া হয়েছে বলে ওয়ার্ল্ড ভিশন জানিয়েছে। নুওয়ারা এলিয়ার বাসিন্দা লক্ষ্মীগাদেবী বলেছেন, সহায়তাটি ঠিক সময়ে এসেছিল এবং খাবার সরবরাহ তাঁর পরিবারকে তিন মাসের বেশি সময় ধরে চলতে সাহায্য করেছে।
সংস্থাটির দেওয়া তথ্য অনুযায়ী, ঘূর্ণিঝড় দিতওয়াহে শ্রীলঙ্কায় ২৩ লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হন, ৬৮০ জন প্রাণ হারান এবং ১৫৪ জন নিখোঁজ হন। এ ছাড়া ২ লাখ ৩৩ হাজারের বেশি মানুষ বাস্তুচ্যুত হন, ১ লাখ ২০ হাজারের বেশি বাড়ি ক্ষতিগ্রস্ত হয় এবং ২ লাখ ৭৩ হাজার একরের বেশি ধানখেত ধ্বংস হয়।
ওয়ার্ল্ড ভিশন লঙ্কার জাতীয় পরিচালক ধনন সেনাথিরাজাহ বলেছেন, এত বড় মাত্রার দুর্যোগে কোনো একক সংস্থার পক্ষে একা সাড়া দেওয়া সম্ভব ছিল না; দাতা, সরকারি কর্তৃপক্ষ ও মানবিক অংশীদারদের সহায়তাতেই এই কার্যক্রম সম্ভব হয়েছে। সংস্থাটি জানিয়েছে, তাদের দিতওয়াহ সাড়া কার্যক্রম আগামী ৩০ নভেম্বর শেষ হবে এবং ভবিষ্যৎ দুর্যোগের জন্য জনগোষ্ঠীগুলোকে প্রস্তুত করার কাজ তারা চালিয়ে যাবে।







