শেখ হাসিনার সাবেক উপ-প্রেস সচিব সাখাওয়াত মুনসহ তিনজন কারাগারে

Tajanews24

Published: নভেম্বর 28, 2026, 12:26 পূর্বাহ্ন

রাজধানীর মোহাম্মদপুর থানায় সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক উপ-প্রেস সচিব কে এম সাখাওয়াত মুনসহ তিনজনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীনের আদালত পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন বলে রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন জানিয়েছেন।

কারাগারে পাঠানো অন্য দুজন হলেন সাবেক জেলা প্রশাসক মো. ইলিয়াস হোসেন ও আয়কর আইনজীবী সুফি মো. আল মামুন। দুজনেরই বয়স ৫০ বছর বলে মামলার নথিতে উল্লেখ রয়েছে। এদিন মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. মাসউদুর রহমান আসামিদের আদালতে হাজির করে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাঁদের কারাগারে আটক রাখার আবেদন করেন।

তদন্ত কর্মকর্তার আবেদনে বলা হয়েছে, প্রাথমিক তদন্তে ঘটনায় আসামিদের জড়িত থাকার তথ্য-প্রমাণ পাওয়া যাচ্ছে এবং মামলার তদন্ত এখনো চলমান রয়েছে। আবেদনে আসামিদের বিরুদ্ধে রিমান্ডের আবেদনও পাঠানো হচ্ছে বলে উল্লেখ করা হয়। শুনানি শেষে আদালত তাঁদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

মামলার বিবরণ অনুযায়ী, বুধবার (২৫ নভেম্বর) দিবাগত রাত ১২টা ৫০ মিনিটের দিকে লালমাটিয়া মহিলা কলেজের সামনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের কয়েকজন নারী ও পুরুষ সদস্য মিছিল বের করেন। পুলিশ জানিয়েছে, এ সময় স্থানীয় লোকজন আসামিদের আটক করেন এবং পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁদের হেফাজতে নেয়। এ সময় অজ্ঞাতনামা ২০ থেকে ২৫ জন ঘটনাস্থল থেকে পালিয়ে যান। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মোহাম্মদপুর থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করে।

প্রথম আলো জানিয়েছে, সাখাওয়াত মুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে পড়াশোনা করেছেন এবং প্রেস ইনস্টিটিউট বাংলাদেশে (পিআইবি) কর্মরত ছিলেন। পরে তাঁকে প্রেষণে তৎকালীন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব করা হয়েছিল। গত বছরের সেপ্টেম্বরে তাঁকে পিআইবির পদ থেকে সাময়িক বরখাস্ত করা হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।