কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী কার্যক্রম ও মাদকসহ বিভিন্ন অপরাধ দমনে চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ৭৮০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর) চট্টগ্রাম রেঞ্জ পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে বলে বাসসসহ বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে নিয়মিত মামলায় ৮৩ জন, আগের মামলায় ১৩৫ জন, পুলিশ অ্যাক্টের ৩৪ ধারায় ২৮ জন, ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় পাঁচজন এবং ১৫১ ধারাসহ অন্যান্য আইনে ৩৪ জন রয়েছেন। এ ছাড়া গ্রেপ্তারি পরোয়ানামূলে ১১০ জন ও সাজা পরোয়ানামূলে ২৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্যও উদ্ধার করেছে পুলিশ। বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, উদ্ধার হওয়া মাদকের মধ্যে রয়েছে ২২ হাজার ৪২৬ পিস ইয়াবা, ২৭ কেজি গাঁজা, ৫৮ লিটার চোলাই মদ, ২৪ ক্যান বিয়ার, ৭৭টি ট্যাপেন্টাডল ট্যাবলেট, ছয় বোতল হুইস্কি ও ১৫০ বোতল ফেয়ারডিল সিরাপ।
একই অভিযানে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠনের ৭৭ সদস্যকেও গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে কুমিল্লায় ২৪ জন, চট্টগ্রামে ১৭ জন, নোয়াখালীতে ১৪ জন, কক্সবাজার ও ফেনীতে ছয়জন করে, চাঁদপুরে চারজন এবং ব্রাহ্মণবাড়িয়া ও খাগড়াছড়িতে তিনজন করে রয়েছেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
অন্যদিকে, কিশোর গ্যাংবিরোধী অভিযানে গ্রেপ্তার করা হয়েছে ৩১৪ জনকে, যাঁদের মধ্যে কুমিল্লাতেই সর্বোচ্চ ১১২ জন। তাঁদের মধ্যে ১৬০ জনকে মুচলেকা নিয়ে অভিভাবকের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে এবং বাকি ১৫৪ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। জনস্বার্থে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে পুলিশ জানিয়েছে।







