সৌদি আরবের আবহায় পাহাড়ি সড়কে দুর্ঘটনায় দুই বাংলাদেশি নিহত

Tajanews24

Published: নভেম্বর 28, 2026, 2:22 পূর্বাহ্ন

সৌদি আরবের আবহা অঞ্চলে পাহাড়ি সড়কে দুর্ঘটনায় দুই বাংলাদেশি নিহত হয়েছেন। শুক্রবার (২৭ নভেম্বর) স্থানীয় সময় সকাল ৭টার দিকে মাছবাহী একটি ফ্রিজার ভ্যান দুর্ঘটনার কবলে পড়লে এ প্রাণহানি ঘটে বলে স্বজন ও সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

নিহত দুজন হলেন খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার তবলছড়ি এলাকার আশরাফ উদ্দিন রনি (২৬) এবং নোয়াখালী জেলার বাসিন্দা ফ্রিজার ভ্যানচালক কামরুল হাসান। রনি ভ্যানচালকের পাশের আসনে ছিলেন বলে জানা গেছে।

নিহত আশরাফের চাচা মীর হোসাইন জানিয়েছেন, মাছ নিয়ে ফ্রিজার ভ্যানটি আবহা থেকে জিজানের দিকে যাচ্ছিল। পথে পাহাড়ি সড়ক দিয়ে নামার সময় ভ্যানটি দুর্ঘটনার কবলে পড়ে। এতে চালক কামরুল হাসান ও তাঁর পাশে থাকা আশরাফ উদ্দিন রনি প্রাণ হারান।

পরিবার সূত্রে জানা গেছে, আশরাফ উদ্দিন রনি প্রায় দুই মাস আগে ছুটি কাটিয়ে দেশ থেকে সৌদি আরবে কর্মস্থলে ফিরে গিয়েছিলেন। হঠাৎ এই মৃত্যুর খবরে তাঁর পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

স্বজনরা জানিয়েছেন, দুজনের মরদেহ দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে। এ বিষয়ে পরবর্তী আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত তথ্য এখনো জানা যায়নি।