অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে মানবাধিকার পরিস্থিতি নিয়ে জাতিসংঘের বিশেষ র্যাপোর্টিয়ার ফ্রানচেসকা আলবানিজকে কোস্টারিকায় ঢুকতে দেয়নি দেশটির কর্তৃপক্ষ। রয়টার্স জানিয়েছে, সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি নিতে বৃহস্পতিবার সান হোসে পৌঁছালে জাতীয় নিরাপত্তার কারণ দেখিয়ে হুয়ান সান্তামারিয়া আন্তর্জাতিক বিমানবন্দরেই তাঁকে আটকে দেওয়া হয়। এরপর বিমানবন্দরে দুই রাত কাটিয়ে শনিবার তিনি মেক্সিকো চলে যান।
কোস্টারিকার অভিবাসন কর্তৃপক্ষের মহাপরিচালক ওমের বাদিলা সামাজিক যোগাযোগমাধ্যমে বলেছেন, ‘সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থাকার’ বিষয়ে আন্তর্জাতিক সতর্কতা থাকায় আলবানিজকে প্রবেশ করতে দেওয়া হয়নি। তবে ওই সতর্কতা কোন দেশ বা সংস্থা জারি করেছে, তা তিনি নির্দিষ্ট করে জানাননি। ইতালীয় এই আইনজীবী অভিযোগটি জোরালোভাবে অস্বীকার করেছেন এবং ঘটনাটিকে ‘লজ্জাজনক’ বলে মন্তব্য করেছেন।
মানবাধিকার নিয়ে কাজের স্বীকৃতি হিসেবে কোস্টারিকা বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডক্টরেট নেওয়ার কথা ছিল আলবানিজের। দেশে ঢুকতে না পারলেও শুক্রবার অনুষ্ঠানটি হয়েছে বলে প্রতিবেদনে বলা হয়েছে। আলবানিজ বিমানবন্দরের টার্মিনালের মেঝেতে বসে ভিডিও লিংকের মাধ্যমে অনুষ্ঠানে যোগ দেন এবং সম্মাননা গ্রহণের বক্তব্য দেন। বড় পর্দায় তাঁকে দেখানোর সময় মিলনায়তনের দর্শকেরা দাঁড়িয়ে করতালি দিয়ে তাঁকে সম্মান জানান।
জাতিসংঘের মানবাধিকারবিষয়ক প্রধান ফলকার টুর্ক এই পদক্ষেপে ‘গভীরভাবে উদ্বিগ্ন’ বলে জানিয়েছেন এবং কোস্টারিকাকে সিদ্ধান্তটি নতুন করে ভেবে দেখার আহ্বান জানিয়েছেন। জাতিসংঘের মানবাধিকার দপ্তর বলেছে, ‘জাতীয় নিরাপত্তার’ দাবি করা কারণ দেখিয়ে তাঁকে প্রবেশে বাধা দেওয়া হয়েছে। পরে দেশটির সাংবিধানিক আদালত তাঁকে হোটেলে নেওয়ার নির্দেশ দেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তাঁকে কনস্যুলার সহায়তা দেওয়া হয়েছে।
রয়টার্স জানিয়েছে, শনিবার স্থানীয় সময় সকাল সাড়ে ১০টার দিকে মেক্সিকো সিটি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান আলবানিজ। সেখানে ফিলিস্তিনি পতাকা হাতে সমর্থকেরা ফুল দিয়ে তাঁকে স্বাগত জানান। আলবানিজ সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘আপাতত বিদায়। আমি কথা দিচ্ছি, কোস্টারিকা যখন আবার মুক্ত হবে, তখন আমি ফিরে আসব।’ ২০২২ সাল থেকে তিনি ফিলিস্তিনি ভূখণ্ডবিষয়ক জাতিসংঘের বিশেষ র্যাপোর্টিয়ার হিসেবে দায়িত্ব পালন করছেন।








