চট্টগ্রামে আগামী মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ছয় দিনব্যাপী ১৫তম চট্টগ্রাম ফার্নিচার এক্সিবিশন ২০২৬। আয়োজকেরা জানিয়েছেন, নগরের জিইসি কনভেনশন সেন্টারে ১ ডিসেম্বর শুরু হয়ে মেলা চলবে ৬ ডিসেম্বর পর্যন্ত। দেশীয় ফার্নিচার শিল্পের প্রসার ও আধুনিক ডিজাইনের আসবাবের বাজার সম্প্রসারণের লক্ষ্যে এই আয়োজন করা হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
রোববার দুপুরে নগরের জিইসি মোড়ের একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলন করে মেলার বিস্তারিত তুলে ধরেন আয়োজকেরা। বাংলাদেশ ফার্নিচার শিল্প মালিক সমিতির চট্টগ্রাম বিভাগের উদ্যোগে আয়োজিত এই মেলায় দেশের ২৬টি ফার্নিচার প্রস্তুতকারী প্রতিষ্ঠান অংশ নেবে বলে জানানো হয়েছে। সংবাদ সম্মেলনে মেলা কমিটির আহ্বায়ক এম. নাছের লিখিত বক্তব্য পাঠ করেন।
আয়োজকেরা জানিয়েছেন, প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর পক্ষ থেকে ক্রেতাদের জন্য বিশেষ মূল্যছাড় ও আকর্ষণীয় অফার থাকবে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়।
মঙ্গলবার সকাল ১১টায় মেলার উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। আয়োজকদের তথ্য অনুযায়ী, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান ও প্রধান নির্বাহী মোহাম্মদ হাসান আরিফ এবং মেলা উদ্বোধন করবেন চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আমীর হুমায়ুন মাহমুদ চৌধুরী।
সংবাদ সম্মেলনে ব্যবসায়ী নেতারা অভিযোগ করেন, চট্টগ্রামে বড় পরিসরে মেলা আয়োজনের জন্য স্থায়ী ও আন্তর্জাতিক মানের কোনো প্রদর্শনী কেন্দ্র নেই। ফার্নিচারসহ দেশীয় শিল্পপণ্য প্রদর্শনের উপযুক্ত অবকাঠামো না থাকাকে তাঁরা চট্টগ্রামের প্রতি বিমাতাসুলভ আচরণ বলে মন্তব্য করেন এবং দ্রুত একটি পূর্ণাঙ্গ এক্সিবিশন সেন্টার গড়ে তোলার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।








