এখন থেকে সপ্তাহে তিন দিন রাত ১০টা পর্যন্ত দোকানপাট ও বিপণিবিতান খোলা রাখা যাবে। সপ্তাহের অন্য তিন দিন এসব ব্যবসাপ্রতিষ্ঠান খোলা রাখা যাবে রাত ৮টা পর্যন্ত। রোববার দুপুরে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সঙ্গে বাংলাদেশ দোকান মালিক সমিতির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সমিতির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বৈঠকটি অনুষ্ঠিত হয় মন্ত্রণালয়ের সভাকক্ষে। এতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু, প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম, বিদ্যুৎসচিব ও বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) চেয়ারম্যানসহ দোকান মালিক সমিতির নেতারা উপস্থিত ছিলেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। দোকানপাট খোলা রাখার সময়সীমার পাশাপাশি বিদ্যুৎ-সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়েও বৈঠকে আলোচনা হয়।
বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন প্রথম আলোকে জানিয়েছেন, সপ্তাহে তিন দিন রাত ১০টা পর্যন্ত দোকানপাট খোলা রাখার সিদ্ধান্ত হয়েছে। তবে কোন তিন দিন এই সুযোগ থাকবে, তা ব্যবসায়ীদের সঙ্গে বসে এক-দুই দিনের মধ্যে ঠিক করা হবে। ব্যবসায়ী নেতারা বলছেন, শীতকালীন ব্যবসার কথা বিবেচনা করেই নতুন এই সময়সূচি নির্ধারণ করা হয়েছে।
বৈঠকে সৌরবিদ্যুৎ নিয়েও সিদ্ধান্ত হয়েছে। দোকান মালিক সমিতি জানিয়েছে, যেসব বিপণিবিতান সৌরবিদ্যুতের প্যানেল স্থাপন করতে আগ্রহী, তাদের ৫ শতাংশ সুদে ঋণ দেবে সরকার এবং এ ঋণের মেয়াদ হবে পাঁচ থেকে সাত বছর। তবে প্যানেল অবশ্যই মানসম্মত হতে হবে এবং এ জন্য বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) সনদ নিতে হবে বলেও জানানো হয়েছে।
এ ছাড়া দেশের বিভিন্ন স্থানে ঘন ঘন বিদ্যুৎ-বিভ্রাটের বিষয়টি বৈঠকে তুলে ধরেন সমিতির নেতারা। তাঁদের দাবি, দেশে প্রতিদিন তিন থেকে পাঁচবার বিদ্যুৎ-বিভ্রাটের ঘটনা ঘটে। পাশাপাশি বাসাবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানের বিদ্যুৎ-সংযোগের তার চুরিতে গ্রাহকদের আর্থিক ক্ষতির কথাও জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, এসব বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী।







