বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ) টেক্সটাইল শ্রমিকদের জন্য নতুন ন্যূনতম মজুরি কাঠামো তৈরির প্রস্তুতি শুরু করেছে। সংগঠনটি জানিয়েছে, বর্তমান কাঠামোর মেয়াদ শেষ হওয়ার আগেই একটি ন্যায্য, বাস্তবসম্মত ও হালনাগাদ কাঠামো চূড়ান্ত করাই তাদের লক্ষ্য। দ্য বিজনেস স্ট্যান্ডার্ড জানিয়েছে, শনিবার (২৮ নভেম্বর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিটিএমএ এসব কথা জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বর্তমান ন্যূনতম মজুরি কাঠামো ২০২৪ সালে ঘোষণা করা হয়েছিল এবং আগামী বছরের ফেব্রুয়ারিতে এর তিন বছরের মেয়াদ পূর্ণ হবে। অর্থাৎ নতুন কাঠামো চূড়ান্ত না হওয়া পর্যন্ত বিদ্যমান মজুরি হারই ফেব্রুয়ারি ২০২৭ পর্যন্ত বলবৎ থাকবে বলে জানিয়েছে সংগঠনটি।
বিটিএমএ জানিয়েছে, সংশোধিত কাঠামো প্রস্তুত করতে তারা শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং ন্যূনতম মজুরি বোর্ডের সঙ্গে সমন্বয় করে কাজ করছে। সব অংশীজনের সঙ্গে আলোচনার মাধ্যমে নির্ধারিত সময়ের আগেই উপযুক্ত একটি মজুরি কাঠামো চূড়ান্ত করা যাবে বলে সংগঠনটি আস্থা প্রকাশ করেছে। বিজ্ঞপ্তিতে টেক্সটাইল ও তৈরি পোশাক খাতের পরিপূরক সম্পর্কের কথাও উল্লেখ করা হয়েছে; প্রাথমিক টেক্সটাইল শিল্প দেশের রপ্তানি আয়, কর্মসংস্থান ও শিল্প উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে সংগঠনটি মন্তব্য করেছে।
তবে নতুন মজুরির দাবিকে কেন্দ্র করে কয়েকটি টেক্সটাইল মিলে একাংশ শ্রমিকের বিশৃঙ্খলা তৈরির চেষ্টা নিয়েও বিজ্ঞপ্তিতে উদ্বেগ জানানো হয়েছে। বিটিএমএর অভিযোগ, একটি স্বার্থান্বেষী গোষ্ঠী এই অস্থিরতায় উসকানি দিচ্ছে। একটি গণমাধ্যমের প্রতিবেদনের বরাত দিয়ে সংগঠনটি আরও বলেছে, সাম্প্রতিক শিল্প অস্থিরতার মধ্যে বাংলাদেশের টেক্সটাইল ও পোশাক খাতের উল্লেখযোগ্য পরিমাণ রপ্তানি ক্রয়াদেশ ইতিমধ্যে অন্য দেশে সরে গেছে।
এ অবস্থায় উৎপাদন সচল রাখতে শ্রমিক, শ্রমিক সংগঠন, কারখানা মালিকসহ সব অংশীজনকে ধৈর্য, সংযম ও দায়িত্বশীল আচরণের আহ্বান জানিয়েছে বিটিএমএ। সংগঠনটি বলেছে, টেক্সটাইল শ্রমিকদের কাছে গ্রহণযোগ্য ও শিল্পের দীর্ঘমেয়াদি টেকসই অবস্থা নিশ্চিত করে এমন একটি ভারসাম্যপূর্ণ ও শ্রমিকবান্ধব মজুরি কাঠামো চালু করতে সবার সহযোগিতা জরুরি।








