শাহজালাল ইসলামী ব্যাংকে ৩ হাজার ১১ কোটি টাকার বিনিয়োগ (ঋণ) অনিয়ম করে পুনঃতফসিল করার তথ্য উঠে এসেছে বাংলাদেশ ব্যাংকের বিশেষ পরিদর্শন প্রতিবেদনে। যুগান্তরের প্রতিবেদন অনুযায়ী, পণ্য কেনাবেচা ছাড়াই ঋণ সৃষ্টি, একই পণ্যের বিপরীতে বারবার মুনাফা আরোপ, পুরোনো ঋণ সমন্বয়ে নতুন ঋণ বিতরণ এবং সুদভিত্তিক আর্থিক প্রতিষ্ঠানে বিনিয়োগের মতো ঘটনা ঘটেছে ব্যাংকটিতে। প্রধান কার্যালয়, ঢাকা প্রধান শাখা ও সিলেট শাখায় এসব অনিয়ম হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
সূত্র জানায়, চলতি বছরের ৩০ আগস্ট থেকে সেপ্টেম্বর পর্যন্ত এক মাসব্যাপী ব্যাংকটিতে বিশেষ পরিদর্শন চালায় বাংলাদেশ ব্যাংকের পরিদর্শক দল। প্রতিবেদনে মোট ২০টি পর্যবেক্ষণ ও সুপারিশ তুলে ধরা হয়েছে। এর মধ্যে সবচেয়ে বড় অঙ্কের অনিয়ম পুনঃতফসিলের ক্ষেত্রে—২০২৫ সালে বিশেষ পুনঃতফসিল হয়েছে ২ হাজার ২১৪ কোটি ২৫ লাখ টাকা, একই বছরে আরও ১৫২ কোটি ৬১ লাখ টাকা এবং ২০২৪ সাল পর্যন্ত ৬৪৪ কোটি ৮২ লাখ টাকা। বাই-মুডে বিতরণ করা বিনিয়োগ পুনঃতফসিলের সময় রেন্ট-মুডে রূপান্তর করে একই পণ্যে আবার মুনাফা আরোপ করা হয়েছে, যা শরিয়াহ নীতিমালা অনুযায়ী সুযোগ নেই বলে প্রতিবেদনে বলা হয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, পুরোনো বিনিয়োগের দায় পরিশোধে পণ্য ছাড়াই প্রায় ৯৩ কোটি টাকার নতুন বিনিয়োগ তৈরি করা হয়েছে। মহাখালী শাখায় বাংলাদেশ ট্র্যাক লিমিটেডের নামে ৭৮ কোটি টাকা, বাংলাদেশ ট্র্যাক ইঞ্জিনিয়ারিংয়ের নামে ৯ কোটি ৯৯ লাখ টাকা এবং মতিঝিল শাখায় বেঙ্গল কনসেপ্ট অ্যান্ড হোল্ডিংসের নামে ৫ কোটি টাকা বিতরণের তথ্য পাওয়া গেছে। এছাড়া পাঁচটি সুদভিত্তিক আর্থিক প্রতিষ্ঠানে ১০০ কোটি ৬৭ লাখ টাকা বিনিয়োগ এবং ২০২৫ সালের শেষ পর্যন্ত প্রায় ৬০৪ কোটি ১১ লাখ টাকার ৩৬৫টি আন্তঃশাখা ডেবিট অ্যাডভাইস অনিষ্পন্ন থাকার কথাও উল্লেখ করা হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান যুগান্তরকে বলেছেন, যেকোনো অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে কেন্দ্রীয় ব্যাংক; শরিয়াহ পরিপালনে ব্যর্থ হলে সংশ্লিষ্ট ব্যাংকের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। বাংলাদেশ অর্থনীতি সমিতির সাবেক সভাপতি অধ্যাপক মইনুল ইসলাম বলেছেন, ব্যাংকিং খাতে যা চলছে তা গ্রহণযোগ্য নয় এবং অনিয়মে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। প্রতিবেদনে তিন মাসের মধ্যে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছে।
অন্যদিকে শাহজালাল ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ উদ্দিন আহমেদ যুগান্তরকে বলেছেন, বাংলাদেশ ব্যাংক যেসব ক্ষেত্রে শরিয়াহ লঙ্ঘনের কথা বলেছে, সেগুলো তারা সংশোধন করে নিয়েছেন। পুনঃতফসিল পলিসি সাপোর্ট মেনে এবং কেন্দ্রীয় ব্যাংকের চিঠি অনুযায়ী করা হয়েছে বলেও তিনি দাবি করেছেন। নতুন নিয়ম অনুসরণ করা হবে বলে জানিয়েছেন তিনি।








