ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরুর প্রাক্কালে জাতীয় সংসদ ভবনে সরকারদলীয় সংসদীয় দলের একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকালে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
সভায় দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, সড়ক উন্নয়ন প্রকল্প, জ্বালানি ও বিদ্যুৎ খাতের বর্তমান অবস্থা এবং আসন্ন রমজান মাসকে সামনে রেখে নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখার বিষয়ে বিশদ আলোচনা হয়েছে।
সংশ্লিষ্ট মন্ত্রীদের কাছে নিজ নিজ মন্ত্রণালয়ের কার্যক্রমের হালনাগাদ তথ্য জানতে চেয়েছেন প্রধানমন্ত্রী।
সভায় সাম্প্রতিক সময়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা ক্ষমতাচ্যুত শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গটিও উঠে আসে। এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানান, লন্ডনভিত্তিক আইনি পরামর্শক প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্সের মাধ্যমে নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য একটি আবেদন করা হয়েছে। বিষয়টি টেলিভিশন ও বিভিন্ন মাধ্যমে জানার কথা উল্লেখ করে তিনি বলেন, আবেদনের আইনগত ভিত্তি এবং আবেদনকারীর অধিকার আছে কি না, তা যাচাই-বাছাই করা হচ্ছে। কিন্তু এই সত্যতা আমি এখনো যাচাই করতে পারিনি।
শেখ হাসিনাকে ফিরিয়ে আনার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘কোনো দণ্ডিত আসামি বিদেশে আশ্রয় নিলে প্রত্যর্পণ চুক্তির আওতায় তাকে ফিরিয়ে আনার সুযোগ থাকে। আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে সংশ্লিষ্ট দেশের কাছে এ বিষয়ে পত্র পাঠিয়েছি। আইন, বিধি ও বিদ্যমান প্রথা অনুসরণ করে সরকার এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।’ এছাড়া পাসপোর্ট, নাগরিকত্ব এবং এনআইডি আইন পর্যালোচনা করে পররাষ্ট্র ও আইন মন্ত্রণালয় পরবর্তী সিদ্ধান্ত জানাবে বলেও তিনি জানান।
দলীয় সংসদ সদস্যদের উদ্দেশে প্রধানমন্ত্রী তারেক রহমান দ্ব্যর্থহীন ভাষায় বলেন, ‘বক্তব্য লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি। আমাদের রাজপথেই থাকতে হবে এবং সব ধরনের ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে।’ উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছাড়ার পর ভারত থেকে এটিই শেখ হাসিনার পক্ষ থেকে পাসপোর্ট ও এনআইডি পাওয়ার জন্য প্রথম কোনো আনুষ্ঠানিক আবেদন।








