নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে কোনো আবেদন করেননি বলে জানিয়েছে নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশন। সোমবার (৯ নভেম্বর) হাইকমিশনের প্রেস মিনিস্টার সাইদুর রহমান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। তাঁর ভাষ্য, হাসিনার নামে এসব নথি ইস্যুর অনুরোধ এসেছে একটি ই-মেইলে, তবে সেটি আদৌ তাঁর পক্ষ থেকে পাঠানো হয়েছে কি না, তা হাইকমিশন নিশ্চিত হতে পারেনি।
সাইদুর রহমান জানান, সোমবার সকালে লন্ডনভিত্তিক আইনি প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্স থেকে ই-মেইলটি হাইকমিশনে পৌঁছায়। ওই বার্তায় শেখ হাসিনার নামে নতুন পাসপোর্ট ও এনআইডি ইস্যুর অনুরোধ জানানো হলেও সঙ্গে তাঁর স্বাক্ষরযুক্ত কোনো অনুমোদন বা অথরাইজেশন সংক্রান্ত নথি ছিল না। অনুমোদনের প্রমাণ না থাকায় অনুরোধটির সত্যতা যাচাইয়ের সুযোগ নেই বলে জানান তিনি। পরে ই-মেইলটি ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়ে দেওয়া হয়; মন্ত্রণালয়ের একটি সূত্রও চিঠি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে।
এর আগে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছিল, ভারতে অবস্থানরত শেখ হাসিনা দেশে ফেরার প্রস্তুতির অংশ হিসেবে আইনি সংস্থার মাধ্যমে আবেদন করিয়েছেন। আইনজীবীদের বরাতে ওই প্রতিবেদনে আরও বলা হয়, তাঁর বাংলাদেশি নাগরিকত্ব ও মানবাধিকারের বিষয় উল্লেখ করে আগামী ডিসেম্বরের মধ্যে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষ করে দেশে ফেরার কথা জানানো হয়েছে। রয়টার্সের দাবি, ২০২৪ সালের ৫ আগস্ট দেশত্যাগের পর বাংলাদেশের কর্তৃপক্ষের কাছে এটিই তাঁর প্রথম আনুষ্ঠানিক কোনো পদক্ষেপ।
এদিকে সোমবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেন, বাংলাদেশ কোনো সন্ত্রাসীকে পাসপোর্ট বা এনআইডি সরবরাহ করবে না। তিনি শেখ হাসিনাকে দণ্ডপ্রাপ্ত পলাতক হিসেবে উল্লেখ করে বলেন, তাঁর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন। ভারতের সঙ্গে বিদ্যমান বন্দি প্রত্যর্পণ চুক্তির কথা তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, সরকার চায় ভারত তাঁকে অবিলম্বে বাংলাদেশের হাতে তুলে দিক এবং চুক্তির আওতায় দেশে ফিরিয়ে এনে সাজা কার্যকর করাই সরকারের লক্ষ্য। তবে ওয়ান-ওয়ে ট্রাভেল পারমিট দেওয়া হবে কি না, সে বিষয়ে তিনি কোনো মন্তব্য করেননি।
এর আগে ৫ নভেম্বর পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানিয়েছিলেন, শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে নতুন পাসপোর্ট বা ট্রাভেল পাসের প্রয়োজন পড়বে না, প্রত্যর্পণ কাঠামোর মাধ্যমেই তা সম্ভব। ৮ নভেম্বর আইনমন্ত্রী মো. আসাদুজ্জামানও বলেছেন, প্রত্যর্পণ চুক্তির আওতায় তাঁকে দেশে ফিরিয়ে এনে আদালতের রায় কার্যকরে সরকার প্রয়োজনীয় সব আইনি পদক্ষেপ নেবে। মানবতাবিরোধী অপরাধের মামলায় গত বছরের নভেম্বরে ট্রাইব্যুনাল শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেন; ক্ষমতাচ্যুতির পর থেকেই তিনি ভারতে অবস্থান করছেন।








