মিয়ানমারে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক জাতিসংঘের বিশেষ প্রতিবেদক কেলি ই. কারি আজ বুধবার (১১ নভেম্বর) থেকে বাংলাদেশ সফর শুরু করছেন। জাতিসংঘের মানবাধিকার কার্যালয়ের এক মিডিয়া অ্যাডভাইজরিতে জানানো হয়েছে, তাঁর এই সফর চলবে ১৮ নভেম্বর পর্যন্ত।
সফরকালে তিনি মিয়ানমারের অবনতিশীল মানবাধিকার পরিস্থিতির বাংলাদেশের ওপর প্রভাব মূল্যায়ন করবেন বলে অ্যাডভাইজরিতে বলা হয়েছে। এতে বিশেষ গুরুত্ব পাবে রাখাইন রাজ্যের সর্বশেষ পরিস্থিতি ও বিস্তৃত সশস্ত্র সংঘাত, বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের অবস্থা এবং ভবিষ্যৎ সহযোগিতার সুযোগ। দ্য বিজনেস স্ট্যান্ডার্ড জানিয়েছে, কারি এর আগে মিয়ানমার সফরের আনুষ্ঠানিক অনুমতি চেয়েছিলেন, তবে দেশটির সামরিক শাসকগোষ্ঠী জানিয়েছে তারা এখনো এমন সফরের জন্য প্রস্তুত নয়।
কর্মসূচি অনুযায়ী, বিশেষ প্রতিবেদক ঢাকায় সরকারি কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি, ভুক্তভোগী ও বেঁচে যাওয়া ব্যক্তিদের সঙ্গে বৈঠক করবেন। তিনি কক্সবাজার জেলার রোহিঙ্গা শরণার্থীশিবিরগুলোও পরিদর্শন করবেন। জাতিসংঘ জানিয়েছে, সফর শেষে ১৮ নভেম্বর ঢাকায় তিনি সংবাদ সম্মেলন করবেন।
একজন কর্মকর্তা ইউএনবিকে জানিয়েছেন, কেলি কারি গত ১ মে থেকে বিশেষ প্রতিবেদকের দায়িত্ব পালন করছেন। তিনি তাঁর পরবর্তী প্রতিবেদন ২০২৭ সালের মার্চে জাতিসংঘ মানবাধিকার পরিষদে উপস্থাপন করবেন বলে জানানো হয়েছে।
এই সফর এমন সময়ে হচ্ছে, যখন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম রোববার বলেছেন, রোহিঙ্গা সংকট বাংলাদেশের জন্য নিরাপত্তা উদ্বেগে পরিণত হয়েছে এবং বিষয়টি আন্তর্জাতিক আলোচনায় রাখা জরুরি। এ ছাড়া আগামী ১৯ নভেম্বর নেদারল্যান্ডসের হেগে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) মিয়ানমারের বিরুদ্ধে গাম্বিয়ার করা গণহত্যা মামলার রায় দেওয়ার কথা রয়েছে, যা চূড়ান্ত ও আপিলের সুযোগবিহীন হবে বলে জানানো হয়েছে।







