ককটেল বিস্ফোরণে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী

Published: November 11, 2026, 2:25 am

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে বলে যে দাবি তোলা হচ্ছে, তা সঠিক নয় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। মঙ্গলবার ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে বিরোধীদলীয় নেতার বক্তব্যের জবাবে তিনি বলেন, রাতের আঁধারে বিচ্ছিন্নভাবে দু-একটি ককটেল বিস্ফোরণ বা জনশূন্য স্থানে প্রতীকী অরাজকতা সৃষ্টি করলেই দেশের সার্বিক পরিস্থিতি অবনতিশীল বলা যায় না। সরকার দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি শতভাগ নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হয়েছে এবং যেকোনো মূল্যে শিল্পবান্ধব ও বিনিয়োগের নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে অঙ্গীকারবদ্ধ।

স্বরাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেন, পতিত ফ্যাসিবাদী শক্তির কিছু দোসর দেশের ভেতরে অবস্থান নিয়ে এবং সীমান্তের ওপার থেকে ইন্ধন জুগিয়ে অস্থিরতা তৈরির চক্রান্ত করছে। তবে সরকার ও আইনপ্রয়োগকারী সংস্থা অত্যন্ত ধৈর্য ও দক্ষতার সঙ্গে এই নীলনকশাগুলো ভণ্ডুল করে দিচ্ছে। বিশেষ করে দেশের প্রধান রপ্তানি খাত তৈরি পোশাক শিল্পে বিশৃঙ্খলা তৈরির অপচেষ্টা রুখতে গাজীপুর, সাভার, আশুলিয়া, হেমায়েতপুর, নারায়ণগঞ্জ ও ময়মনসিংহের গার্মেন্টস অঞ্চলগুলোতে শিল্প পুলিশ, বিজিবি ও সাধারণ পুলিশ বাহিনী সমন্বিতভাবে কাজ করছে। উস্কানি থাকা সত্ত্বেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ ধৈর্য প্রদর্শন করেছে, যার ফলে উৎপাদন ও রপ্তানি কার্যক্রম স্বাভাবিক রাখা সম্ভব হয়েছে। এছাড়া শ্রমিক সংগঠন ও মালিকপক্ষের সঙ্গে ধারাবাহিক আলোচনার মাধ্যমে শিল্পাঞ্চলে স্থিতিশীলতা ফিরিয়ে আনা হয়েছে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে একটি পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনের সমালোচনা করে স্বরাষ্ট্রমন্ত্রী এটিকে উদ্দেশ্যপ্রণোদিত হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, পুলিশের ওয়েবসাইট থেকে প্রাপ্ত তথ্য পর্যালোচনা করলে স্পষ্ট দেখা যায় যে, বিগত বছরের তুলনায় বর্তমানে অপরাধের হার অনেক কমেছে। অথচ নিরপেক্ষ ও আপেক্ষিক তুলনা না করে আংশিক তথ্য দিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস ফ্যাকাল্টিতে ককটেল বিস্ফোরণের ঘটনায় ইতোমধ্যে দুজনকে হাতেনাতে গ্রেপ্তারের কথা জানিয়ে তিনি হুঁশিয়ারি দেন যে, অরাজকতা সৃষ্টিকারী কাউকে ছাড় দেওয়া হবে না। সীমান্তের ওপার থেকে ইন্ধন দেওয়া কিংবা দেশের ভেতরের ষড়যন্ত্রকারীদের সম্পর্কে সব তথ্য সরকারের কাছে রয়েছে এবং প্রয়োজনে উপযুক্ত সময়ে তা প্রকাশ করা হবে। সরকার দেশের আইনশৃঙ্খলা স্থিতিশীল রাখতে সম্পূর্ণ প্রস্তুত রয়েছে এবং কোনো ধরনের সম্মিলিত ষড়যন্ত্র সফল হতে দেবে না।