নুসরাত: হামলার পেছনে কাদের হাত থাকতে পারে

Published: November 12, 2026, 8:25 am

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে নিজের পৈত্রিক বাড়িতে হামলার ঘটনায় সংবাদ সম্মেলন করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজনৈতিক পর্ষদের সদস্য ও সংসদ সদস্য নুসরাত তাবাসসুম। বুধবার (১১ নভেম্বর) দিবাগত রাত সোয়া ১২টার পর এই হামলার ঘটনা ঘটে। নুসরাত বলেন, এ বাড়িতেই আমি বড় হয়েছি।

সংবাদ সম্মেলনে নুসরাত জানান, সিসিটিভি ফুটেজ পর্যালোচনায় দেখা গেছে রাত ১২টা ১৫ মিনিট ৩০ সেকেন্ডে তার বাড়িতে পরপর চারটি বিস্ফোরণ ঘটে। তিনি বলেন, মধ্যরাত্রে যদি সিসিটিভির সময়টাকে ধরি, তাহলে ১২টা বেজে ১৫ মিনিট ৩০ সেকেন্ডে আমার বাড়িতে পরপর চারটি ব্লাস্ট হয়। আপনারা দেখতে পাচ্ছেন আমার বাড়ির আর কিছুই অবশিষ্ট নেই।

বিস্ফোরকের ধরন ও পরিস্থিতি বিবেচনায় এটি পেট্রল বোমা হামলা বলে মনে করছেন তিনি। ব্লাস্টের ধরন-ধারণ এবং প্রকার দেখে মনে হচ্ছে এটি পেট্রল বোমার আঘাতে হয়েছে। গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে ককটেল হামলাতে একজন সাধারণ ড্রাইভার যেভাবে আহত হয়েছে, ঠিক মধ্যরাতে আমার বাড়িতে একইভাবে পেট্রল বোমা হামলাতে একটি শিশু সেভাবে আহত হয়েছে।

তবে চূড়ান্ত সত্য বেরিয়ে আসবে তদন্তের মাধ্যমে। তিনি বলেন, এ বাড়িটি পরিত্যক্ত নয়; এখানে তার পরিবার, আত্মীয়-স্বজন ও গবাদিপশুর খামার ছিল। পাঁচ-ছয় বছর ধরে একটি অসহায় পরিবার বাড়িটি দেখাশোনা করছিল, যারা এখন তার পরিবারের অংশ। এই ভয়াবহ হামলায় সেই পরিবারের একটি শিশু আহত হয়েছে এবং অনেকগুলো গবাদিপশু মারা গেছে বলে জানান তিনি। এই এমপি বলেন, এ বাড়িটি একেবারেই পরিত্যক্ত নয়।

আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করে এমপি নুসরাত বলেন, ঘটনার খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছাতে প্রায় এক ঘণ্টা সময় নেয়। ঘটনার ১২ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনো প্রয়োজনীয় আলামত সংগ্রহ করতে পারেনি পুলিশ। এছাড়া দৌলতপুর উপজেলায় ফায়ার সার্ভিসের কোনো ব্যবস্থা না থাকায় বাড়িটির বড় অংশ পুড়ে ছাই হয়ে গেছে। তিনি আইনশৃঙ্খলা বাহিনীকে উদ্দেশ্য করে বলেন, কোনো ধরনের গড়িমসি প্রত্যাশা করি না, কারণ আমাদের কাছে যথেষ্ট তথ্য ও আলামত রয়েছে। পুলিশকে খবর দেওয়ার পর তারা আসতে আনুমানিক একটা বেজেছে, অর্থাৎ ঘটনার এক ঘণ্টা পর এসেছে বলে জানান নুসরাত। তার ভাষ্য, পুলিশের সাধ্য অনুযায়ী যতটুকু সম্ভব তারা পাহারা দিয়েছে, যদিও এখনো আলামত সংগ্রহ করতে পারেননি এবং ঘটনার প্রায় ১২ ঘণ্টা হয়ে গিয়েছে। দৌলতপুর উপজেলাতে কোনো দমকল না থাকার কারণে দমকল আসতে আসতে আমার বাড়ির মোটামুটি সবই পুড়ে গিয়েছে। আমি জানিয়ে দিতে চাই, সাধারণ আর পাঁচটা মানুষের জীবন যতটা অনিরাপদ, আমাদের জীবনও ততটা অনিরাপদ।

আওয়ামী লীগের সংশ্লিষ্টতা নিয়ে নুসরাত অভিযোগ করেন, হামলার অনেক আগে থেকেই দলের শীর্ষ নেতৃত্ব ও পলাতক সন্ত্রাসীদের কাছ থেকে তিনি হুমকি পাচ্ছিলেন। এখন তারা ফেসবুক পোস্টের মাধ্যমে এই ঘটনার দায় স্বীকার ও উল্লাস করছে। তিনি বলেন, স্থানীয় জনগণকে তিনি সন্দেহ করেন না, বরং এটি আওয়ামী লীগেরই পরিকল্পিত কাজ। এ বিষয়ে তিনি বলেন, মানুষ মনে করে সংসদ সদস্যরা অনেক সুরক্ষিত, কিন্তু বাংলাদেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতিতে সাধারণ নাগরিক থেকে শুরু করে জনপ্রতিনিধি—কারও জীবনই নিরাপদ নয়। এই নেত্রী বলেন, মানুষ মনে করে সংসদ সদস্য যারা রয়েছেন কিংবা নীতি-নির্ধারণী পর্যায়ে যারা থাকেন, তারা হয়তো অনেক বেশি বিশেষ।

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন সাহেবের উদ্দেশে নুসরাত প্রশ্ন রাখেন, এমন পরিস্থিতিতে রাষ্ট্র আসলে কতটুকু দায়িত্ব নিতে পারে। তিনি মনে করেন, দায়িত্বশীলরা যদি নিরাপত্তা নিশ্চিত করতে না পারেন, তবে তাদের পদত্যাগ করা উচিত। শুধুমাত্র সংসদীয় ভাষায় অস্বীকার করলেই দেশের অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতি মিথ্যা হয়ে যাবে না।

শেখ হাসিনার দেশে ফেরার গুঞ্জন ও এই হামলার সম্পর্ক নিয়ে সরাসরি কোনো মন্তব্য না করলেও নুসরাত বলেন, নাশকতা বা জনমনে ভীতি সৃষ্টি করে কেউই রাজনীতিতে ফিরে আসতে পারে না। তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে বলেন, খুনি হাসিনা খুব নির্বোধ একজন মানুষ, যারা মানুষের বাড়িঘর পুড়িয়ে ধ্বংস করে ফিরে আসতে চায়। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত এবং জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তিনি।