সরকারি ব্যয়ে নতুন কড়াকড়ি: গাড়ি কেনা ও নতুন ভবন নির্মাণ বন্ধ, বিদেশে প্রশিক্ষণও স্থগিত

Tajanews24

Published: November 11, 2026, 4:15 am

চলতি ২০২৬-২৭ অর্থবছরের বাজেট বাস্তবায়নে সরকারি ব্যয়ে আরও কড়াকড়ি আরোপ করেছে সরকার। নতুন গাড়ি কেনা, সরকারি অর্থে বিদেশে প্রশিক্ষণ ও সেমিনারে অংশগ্রহণ এবং নতুন ভবন নির্মাণ আপাতত স্থগিত রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

প্রথম আলোর প্রতিবেদনে বলা হয়েছে, অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ সোমবার সংশোধিত বাজেট প্রণয়নের জন্য এসব নির্দেশনা দিয়ে পরিপত্র জারি করেছে। সব মন্ত্রণালয়, বিভাগ ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে আগামী ২৬ নভেম্বরের মধ্যে সংশোধিত বাজেটের প্রস্তাব পাঠাতে বলা হয়েছে।

নির্দেশনা অনুযায়ী, সংশোধিত বাজেটে মোট ব্যয় মূল বাজেটের সীমার মধ্যেই রাখতে হবে এবং কোনো মন্ত্রণালয় অতিরিক্ত বরাদ্দ চাইতে পারবে না। সব ধরনের যানবাহন কেনার বরাদ্দে ব্যয় স্থগিত থাকবে। তবে ১০ বছরের বেশি পুরোনো যানবাহন বদলি কিংবা নতুন সরকারি প্রতিষ্ঠানের জন্য জরুরি গাড়ি কিনতে অর্থ বিভাগের অনুমোদন লাগবে, এবং অ্যাম্বুলেন্স ও নিরাপত্তা কাজের গাড়ি ছাড়া সেসব গাড়ি হতে হবে বৈদ্যুতিক।

নতুন আবাসিক, অনাবাসিক ও অন্যান্য ভবন নির্মাণও স্থগিত থাকবে, তবে শিক্ষা, স্বাস্থ্য ও কৃষি মন্ত্রণালয়ের স্থাপনা এর বাইরে রাখা হয়েছে। যেসব ভবনের কাজ ৭০ শতাংশ বা তার বেশি শেষ হয়েছে, সেগুলোর বাকি ব্যয় অর্থ বিভাগের অনুমোদন নিয়ে করা যাবে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

একই সঙ্গে সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে প্রকল্পের সংখ্যা কমিয়ে গুরুত্বপূর্ণ প্রকল্পে বরাদ্দ বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। বিদেশি ঋণ ও অনুদানে চলা প্রকল্প, কৃষি, বিদ্যুৎ উৎপাদন, মানবসম্পদ উন্নয়ন, পরিবেশ ও জলবায়ু অভিযোজন এবং চলতি অর্থবছরে শেষ হওয়ার কথা এমন প্রকল্পকে অগ্রাধিকার দিতে বলা হয়েছে। ধীরগতির প্রকল্পের বরাদ্দ কমিয়ে দ্রুত বাস্তবায়নযোগ্য প্রকল্পে সেই অর্থ সরানোর পরামর্শও দেওয়া হয়েছে।