আগামী জুলাইয়ে এক প্ল্যাটফর্মে সব ব্যাংক ও মোবাইল ব্যাংকিং, চালু হচ্ছে আইআইপিএস

Tajanews24

Published: November 9, 2026, 3:18 pm

দেশের সব ব্যাংক, মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানকে একই ডিজিটাল প্ল্যাটফর্মে যুক্ত করতে ‘ইনক্লুসিভ ইনস্ট্যান্ট পেমেন্ট সিস্টেম’ (আইআইপিএস) চালুর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। বাসস জানিয়েছে, আগামী বছরের জুলাইয়ে এই ব্যবস্থা চালুর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

নতুন ব্যবস্থা চালু হলে গ্রাহককে নিজের ব্যাংক বা সেবাদাতা প্রতিষ্ঠানের নেটওয়ার্কের মধ্যে সীমাবদ্ধ থাকতে হবে না বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। যেকোনো ব্যাংক হিসাব বা মোবাইল ওয়ালেট থেকে অন্য প্রতিষ্ঠানের গ্রাহকের কাছে তাৎক্ষণিক অর্থ পাঠানো এবং মূল্য পরিশোধ করা যাবে। এতে ব্যক্তি থেকে ব্যক্তিতে লেনদেন, ব্যবসায়িক লেনদেন, দোকানে মূল্য পরিশোধ এবং সরকারি অর্থ বিতরণও করা যাবে বলে বাসসের প্রতিবেদনে বলা হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো. সিরাজুল ইসলাম বাসসকে বলেছেন, সব আর্থিক প্রতিষ্ঠানকে একটি অভিন্ন ব্যবস্থার আওতায় আনাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য। প্ল্যাটফর্মটি তৈরি করা হবে গেটস ফাউন্ডেশনের কারিগরি সহায়তায়, ফাউন্ডেশনের ‘মোজালোফ’ উদ্যোগের আওতায় তৈরি উন্মুক্ত সফটওয়্যার ব্যবহার করে।

বর্তমানে ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশ (এনপিএসবি) ২০১২ সাল থেকে অংশগ্রহণকারী ব্যাংকগুলোর মধ্যে এটিএম, পয়েন্ট অব সেল ও ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে আন্তঃব্যাংক লেনদেনের সুযোগ দিয়ে আসছে। তবে বাসস জানিয়েছে, এই ব্যবস্থায় সব ধরনের প্রতিষ্ঠানকে, বিশেষ করে মোবাইল আর্থিক সেবাদাতা ও ব্যাংকবহির্ভূত প্রতিষ্ঠানগুলোকে একই নেটওয়ার্কে আনা সম্ভব হয়নি। আগের একটি উদ্যোগে লেনদেনের মাশুলের সর্বোচ্চ হার নির্ধারণ করা হলেও কিছু বড় সেবাদাতার অংশগ্রহণ সীমিত ছিল।

গত জুলাইয়ে গেটস ফাউন্ডেশনের সহায়তায় পলিসি রিসার্চ ইনস্টিটিউট অব বাংলাদেশ (পিআরআই) আইআইপিএস ও আন্তঃসীমান্ত রেমিট্যান্স নিয়ে একটি গবেষণা শুরু করে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। সংশ্লিষ্টদের মতে, নতুন প্ল্যাটফর্ম সফলভাবে চালু হলে নগদ অর্থের ওপর নির্ভরতা কমানো, লেনদেন সহজ করা এবং প্রাতিষ্ঠানিক ব্যাংকিংয়ের বাইরে থাকা মানুষকে ডিজিটাল আর্থিক সেবার আওতায় আনার সুযোগ বাড়বে।