দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমিয়ে সমন্বয় করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে এক বিজ্ঞপ্তির মাধ্যমে সংগঠনটি জানিয়েছে, ভরিতে ২ হাজার ২১৬ টাকা কমানো হয়েছে। এই সিদ্ধান্তের ফলে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণ এখন ভ্যাটসহ ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকায় বিক্রি হচ্ছে। নতুন এই দাম আজ সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে। এর আগের দিন বুধবারও বাজুস ভরিতে ২ হাজার ৭৪১ টাকা কমিয়েছিল।
বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম কমে যাওয়ার কারণেই মূলত এই মূল্য সমন্বয় করা হয়েছে। সংগঠনটির প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং স্ট্যান্ডিং কমিটির বৈঠকের পর কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীনের স্বাক্ষরে এই নতুন দর ঘোষণা করা হয়। তবে স্বর্ণের দাম কমানো হলেও রুপার আগের নির্ধারিত মূল্যই বহাল রাখা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
উল্লেখ্য, চলতি বছর ২০২৬ সালে এখন পর্যন্ত দেশের বাজারে ১৩৬ বার স্বর্ণের দাম সমন্বয় করা হলো। এর মধ্যে ৬৫ বার দাম বাড়ানো হয়েছে এবং ৭০ বার কমানোর ঘটনা ঘটেছে; একবার ভ্যাট সমন্বয় করা হয়েছে। এর আগে ২০২৫ সালে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল, যেখানে ৬৪ বার দাম বাড়ানো এবং ২৯ বার কমানোর তথ্য পাওয়া যায়।








