বেনাপোল বন্দরে মিথ্যা ঘোষণায় আনা ২৫ টন রাসায়নিকসহ ট্রাক জব্দ

Tajanews24

Published: November 12, 2026, 8:17 pm

যশোরের বেনাপোল স্থলবন্দরে ট্যালকম পাউডারের ঘোষণা দিয়ে অন্য রাসায়নিক পণ্য আমদানি ও শুল্ক ফাঁকির চেষ্টার অভিযোগে ২৫ টন পণ্যবোঝাই একটি ট্রাক জব্দ করেছে কাস্টমস কর্তৃপক্ষ। বুধবার (১১ নভেম্বর) রাত ১০টার দিকে বন্দরের ৯ নম্বর শেড থেকে ট্রাকটি বের করে নেওয়ার সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সেটি জব্দ করা হয় বলে বেনাপোল কাস্টমস হাউসের ডেপুটি কমিশনার মো. বায়জিদ হোসেন জানিয়েছেন।

জব্দ করা ট্রাকটির নম্বর যশোর-ট-১১-৬৩৯৩; এটি আফজাল কুরিয়ারের ট্রাক বলে জানা গেছে। চালানটির আমদানিকারক ঢাকার অনিন্দিতা ইন্টারন্যাশনাল এবং সিঅ্যান্ডএফ এজেন্ট ব্রাইট ইন্টারন্যাশনাল। পণ্যবোঝাই ট্রাকটি শুল্ক ফাঁকি দিয়ে বন্দর থেকে বের করে নেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে সিঅ্যান্ডএফ এজেন্টটির বিরুদ্ধে।

ডেপুটি কমিশনার বায়জিদ হোসেন জানান, আমদানি-সংক্রান্ত কাগজপত্রে পণ্যটির ঘোষণা দেওয়া হয়েছে ট্যালকম পাউডার। কিন্তু চালানটি বন্দরে প্রবেশের পর কোনো ধরনের এন্ট্রি ও রাজস্ব পরিশোধ ছাড়াই একই দিনে বাংলাদেশি ট্রাকে তুলে গোপনে বের করে নেওয়ার চেষ্টা চলছিল। কাস্টমস কর্মকর্তাদের ধারণা, ট্যালকম পাউডারের আড়ালে অন্য কোনো মূল্যবান রাসায়নিক পণ্য আমদানি করে শুল্ক ফাঁকির চেষ্টা হয়ে থাকতে পারে।

তবে পরীক্ষা ছাড়া পণ্যের প্রকৃত পরিচয় নিশ্চিত হওয়া যায়নি বলে কর্মকর্তারা জানিয়েছেন। প্রয়োজনে পণ্যের নমুনা পরীক্ষা করে প্রকৃত পরিচয় নিশ্চিত করা হবে এবং প্রতিবেদন পাওয়ার পর সম্ভাব্য রাজস্ব ফাঁকির পরিমাণ নির্ধারণ করা হবে।

বেনাপোল স্থলবন্দরের উপপরিচালক রুহুল আমিন জানান, জব্দ করা পণ্যবোঝাই ট্রাকটি বর্তমানে বন্দরের নিরাপত্তা হেফাজতে রয়েছে।