ল্যাপটপ ব্যবহারের সময় দ্রুত ব্যাটারি ফুরিয়ে যাওয়া বেশ বিরক্তিকর। তবে কিছু কৌশল অবলম্বন করলে সহজেই ল্যাপটপের ব্যাটারির আয়ু এবং ব্যাকআপ বাড়িয়ে তোলা যায়। ব্যাটারি ভালো রাখতে প্রথমেই উইন্ডোজ ১১ অপারেটিং সিস্টেমের এনার্জি সেভার মোড ব্যবহারের পরামর্শ দেওয়া হচ্ছে। সাধারণত চার্জ ৩০ শতাংশের নিচে নেমে এলে এই ফিচারটি স্বয়ংক্রিয়ভাবে কার্যকর হয়, তবে ব্যবহারকারী চাইলে নিজের প্রয়োজনে এটি ম্যানুয়ালিও চালু রাখতে পারেন। পাওয়ার সেটিংসে গিয়ে ‘বেস্ট পাওয়ার এফিসিয়েন্সি’ অপশনটি নির্বাচন করলে ব্যাটারির ওপর চাপ অনেকটাই কমে যায়।
ডিসপ্লের ব্রাইটনেস কমিয়ে রাখা এবং রিফ্রেশ রেট সমন্বয় করা ব্যাটারি সাশ্রয়ের অন্যতম কার্যকর উপায়।
উদাহরণস্বরূপ, স্ক্রিনের রিফ্রেশ রেট ১২০ হার্জ থেকে কমিয়ে ৬০ হার্জে নামিয়ে আনলে চার্জ খরচ লক্ষণীয়ভাবে কমে আসে।
এছাড়া ডার্ক মোড ব্যবহার করলে বিশেষ করে ওএলইডি ডিসপ্লেযুক্ত ল্যাপটপে পিক্সেলগুলো বন্ধ থাকে, যা ব্যাটারির চার্জ সাশ্রয় করে। ল্যাপটপের সঙ্গে যুক্ত অপ্রয়োজনীয় পেরিফেরালস যেমন পেনড্রাইভ, মাউস বা এক্সটার্নাল হার্ডড্রাইভ কাজ শেষে খুলে ফেলার অভ্যাস করা জরুরি। ব্যাকগ্রাউন্ডে চালু থাকা ভারী অ্যাপগুলো বন্ধ রাখলে এবং প্রয়োজন না থাকলে ব্লুটুথ বা ওয়াই-ফাই সংযোগ বিচ্ছিন্ন করতে অ্যারোপ্লেন মোড ব্যবহার করলে ব্যাটারি ভালো থাকে।
আসুসের তথ্যমতে, ল্যাপটপ সার্বক্ষণিক শতভাগ চার্জে বা প্লাগড-ইন অবস্থায় রাখা ব্যাটারির জন্য ক্ষতিকর। অ্যাপের মাধ্যমে ‘ব্যাটারি কেয়ার মোড’ চালু করলে চার্জের পরিমাণ ৮০ শতাংশে সীমাবদ্ধ থাকে, যা ব্যাটারির দীর্ঘমেয়াদী স্বাস্থ্যের জন্য সহায়ক। গেমিং ল্যাপটপের ক্ষেত্রে ইন্টিগ্রেটেড জিপিইউ ব্যবহার এবং সিপিইউ কোরের নিয়ন্ত্রণ বজায় রাখা ব্যাটারি সাশ্রয়ে সহায়তা করে। সব প্রচেষ্টার পরও যদি ব্যাটারি দ্রুত শেষ হতে থাকে, তবে ব্যাটারি ডায়াগনসিস পরীক্ষার মাধ্যমে এর বর্তমান অবস্থা নিশ্চিত করা প্রয়োজন। নিয়মিত সঠিক যত্ন ও রক্ষণাবেক্ষণই ল্যাপটপের ব্যাটারিকে দীর্ঘস্থায়ী রাখার সবচেয়ে কার্যকর উপায়। টেকবার্তার সঙ্গে যোগাযোগ: [email protected]।








