নারীদের জন্য ১০০টি বৈদ্যুতিক বাস কেনার প্রক্রিয়া শুরু করেছে সরকার। বাস কেনা, চার্জিং স্টেশন ও সংশ্লিষ্ট অবকাঠামোর জন্য ৪০০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। দ্য বিজনেস স্ট্যান্ডার্ড জানিয়েছে, আগামী বছরের ২৫ ফেব্রুয়ারির মধ্যে বাসগুলো বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) কাছে হস্তান্তরের আশা করা হচ্ছে।
অর্থ বিভাগ গত ২৯ অক্টোবর এই অর্থ বরাদ্দ দেয়। এরপর সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় বিআরটিসি চেয়ারম্যানকে অর্থ করপোরেশনের পাবলিক লেজার (পিএল) হিসাবের মাধ্যমে স্থানান্তরের ব্যবস্থা নিতে বলে। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের বিআরটিসি শাখার উপসচিব অজিত দেব স্বাক্ষরিত এক চিঠিতে এই নির্দেশনা দেওয়া হয়।
বিআরটিসি চেয়ারম্যান মীর আহমেদ তরিকুল ওমর দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে জানিয়েছেন, সরাসরি ক্রয় পদ্ধতিতে (ডিপিএম) বাসগুলো কেনার দায়িত্ব দেওয়া হয়েছে রাষ্ট্রায়ত্ত গাড়ি সংযোজনকারী প্রতিষ্ঠান প্রগতি ইন্ডাস্ট্রিজকে। তিনি জানান, প্রগতি ইন্ডাস্ট্রিজ ইতিমধ্যে আন্তর্জাতিক সরবরাহকারীদের সঙ্গে প্রাথমিক আলোচনা করেছে। আগামী ১৮ নভেম্বর সরবরাহকারীদের কাছে দরপত্র দেওয়া হবে এবং ২২ নভেম্বর চূড়ান্ত ক্রয়াদেশ দেওয়া হবে। সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির অনুমোদনের প্রস্তাব ২৩ বা ২৪ নভেম্বর পাঠানো হবে বলে তিনি জানান।
প্রগতির একজন জ্যেষ্ঠ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে জানিয়েছেন, বাসগুলো চীন থেকে কেনা হবে। প্রতিষ্ঠানটি কয়েকটি চীনা কোম্পানির সঙ্গে আলোচনা করেছে। গত ৬ আগস্ট অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি উন্মুক্ত দরপত্র ছাড়াই বিআরটিসির জন্য ২০০টি বৈদ্যুতিক বাস, চার্জিং স্টেশন ও সংশ্লিষ্ট অবকাঠামো কেনার নীতিগত অনুমোদন দেয়। ৮০০ কোটি টাকার এই প্রকল্প দুই ধাপে বাস্তবায়ন করা হচ্ছে। প্রথম ধাপে ৪০০ কোটি টাকায় শুধু নারীদের জন্য ১০০টি বাস কেনা হচ্ছে।
এই উদ্যোগ নেওয়া হয়েছে নারীদের জন্য পরিবেশবান্ধব পরিবহন দ্রুত চালুর লক্ষ্যে। এর আগে গত ১৮ আগস্ট বিআরটিসির তেজগাঁও ডিপোতে পরীক্ষামূলকভাবে নারীদের বাস সার্ভিস বা পিংক বাস চালু হয়। ঢাকা, চট্টগ্রাম ও বগুড়ায় ১৩টি রুটে ১৪টি বাস নিয়ে সেবাটি শুরু হয়, যেখানে নারী চালক ও কন্ডাক্টর দায়িত্ব পালন করেন। বিআরটিসি সূত্র জানিয়েছে, নতুন ১০০টি বৈদ্যুতিক বাস যুক্ত হলে রাজধানীর বাইরে অন্য বিভাগেও এই সেবা সম্প্রসারণ করা যাবে। তবে বিআরটিসি কর্মকর্তারা জানিয়েছেন, বর্তমান পিংক বাস সেবায় যাত্রী সংখ্যা কম। অনেক নারী পরিবারের পুরুষ সদস্যদের সঙ্গে যাতায়াত করেন, যাঁরা নারীদের জন্য নির্ধারিত এই সেবা ব্যবহার করতে পারেন না। এ বিষয়ে বিআরটিসি ১৬ বছর পর্যন্ত বয়সী পুরুষ সঙ্গীকে সঙ্গে নেওয়ার অনুমতির প্রস্তাব সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগে পাঠিয়েছে।








