দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও সংলগ্ন দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট সুস্পষ্ট লঘুচাপটি উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের আজ রোববারের (১৫ নভেম্বর) বুলেটিনের বরাতে বাসস জানিয়েছে, সকাল ছয়টায় এটি নিম্নচাপে রূপ নেয় এবং এর কেন্দ্র ছিল ৯ দশমিক শূন্য ডিগ্রি উত্তর অক্ষাংশ ও ৮৬ দশমিক ৮ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে।
বুলেটিনে বলা হয়েছে, নিম্নচাপটি চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে প্রায় ১ হাজার ৯৫০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, কক্সবাজার থেকে প্রায় ১ হাজার ৯০০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, মোংলা থেকে প্রায় ১ হাজার ৮২০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এবং পায়রা থেকে প্রায় ১ হাজার ৮২৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল। এটি আরও উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে।
নিম্নচাপ কেন্দ্রের কাছে সর্বোচ্চ একটানা বাতাসের গতিবেগ ঘণ্টায় ৪০ কিলোমিটার, যা দমকা বা ঝোড়ো হাওয়ার আকারে ৫০ কিলোমিটার পর্যন্ত বাড়ছে বলে বুলেটিনে উল্লেখ করা হয়েছে। কেন্দ্রের কাছাকাছি এলাকায় সাগর মাঝারি উত্তাল থাকতে পারে বলেও জানানো হয়েছে।
এই পরিস্থিতিতে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ১ নম্বর (পুনঃ) দূরবর্তী সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে এবং গভীর সাগরে না যেতে বলা হয়েছে। জেলে ও সমুদ্রগামী পেশাজীবীদের সরকারি আবহাওয়া বার্তা অনুসরণের পরামর্শ দেওয়া হয়েছে।
এদিকে ভারতের আবহাওয়া বিভাগ জানিয়েছে, নিম্নচাপটি আগামীকাল প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়ে ভারতের দক্ষিণ-পূর্ব উপকূলের দিকে যেতে পারে। বেশির ভাগ আবহাওয়া মডেলের পূর্বাভাস অনুযায়ী এটি অন্ধ্র প্রদেশের দিকে অগ্রসর হতে পারে বলে দ্য বিজনেস স্ট্যান্ডার্ড জানিয়েছে।








