স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের হৃদযন্ত্রে তিনটি ব্লক ধরা পড়েছে। শারীরিক অসুস্থতা নিয়ে শনিবার সকালে তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দল তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে এনজিওগ্রাম সম্পন্ন করেছেন। অধ্যাপক ডা. এন এ এম মোমেনুজ্জামানের নেতৃত্বে এই চিকিৎসা কার্যক্রম পরিচালিত হচ্ছে।
চিকিৎসক ডা. ফজলে রাব্বি জানিয়েছেন, বুকে ব্যথার সমস্যার কারণে তাকে হাসপাতালে আনা হয়েছিল। বর্তমানে তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে রোববার (১৫ নভেম্বর) বিকেলের দিকে হৃদযন্ত্রে স্টেন্ট বা রিং স্থাপনের সিদ্ধান্ত ও প্রস্তুতি নেওয়া হয়েছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, স্বাস্থ্যমন্ত্রী নিজেই দেশের চিকিৎসাব্যবস্থার প্রতি মানুষের আস্থা ফেরাতে সরকারি বা দেশের কোনো হাসপাতালেই চিকিৎসা নেওয়ার আগ্রহ প্রকাশ করেছিলেন। বর্তমানে তার সুস্থতার জন্য পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে। ডা. এন এ এম মোমেনুজ্জামানের তত্ত্বাবধানেই তার পরবর্তী চিকিৎসা কার্যক্রম অব্যাহত থাকবে।








