ক্রিকেটের বরপুত্র শচীন টেন্ডুলকার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি ছবি পোস্ট করেছেন, যা সময়ের দীর্ঘ পরিক্রমাকে চোখের সামনে তুলে ধরেছে। ক্রিকেটের এই মানুষটির জীবনে ব্যাটের সঙ্গে সম্পর্কটা তাই কখনোই শুধু পেশার ছিল না।
ছবির একদিকে রয়েছে চার বছর বয়সী এক খুদে বালক, যার হাতে একটি ক্রিকেট ব্যাট এবং মুখে সেই পরিচিত দুষ্টুমিভরা হাসি। পাশের ছবিতে একই মানুষ, কিন্তু সময়ের ছাপ স্পষ্ট। চুল আর চেহারায় পরিপক্বতা এলেও হাতে সেই একই ব্যাট, আর ভঙ্গিটিও প্রায় হুবহু এক। এই দুই ছবির মাঝখানে পেরিয়ে গেছে ৪৯টি বছর। নিজের এই আবেগী ছবির সঙ্গে শচীন হিন্দিতে লিখেছেন, ‘প্রথম থেকেই ব্যাটের সঙ্গে আমার সম্পর্ক। ৪৯ বছর পরও সে আমার সঙ্গেই আছে!’ হঠাৎ করে চার বছর বয়সে তোলা সেই ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়ার একটা উপলক্ষ অবশ্য আন্দাজ করা যায়।
১৯৭৩ সালের ২৪ এপ্রিল মুম্বাইয়ে জন্ম নেওয়া শচীন ছোটবেলায় যখন ব্যাট হাতে ক্যামেরার সামনে দাঁড়িয়েছিলেন, তখন হয়তো ভাবেননি যে এটিই একদিন তাঁকে বিশ্বের সর্বোচ্চ শিখরে নিয়ে যাবে। ভারতের জার্সি গায়ে ২৪ বছরের বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ারে তিনি করেছেন ১০০টি সেঞ্চুরি। ক্রিকেট ইতিহাসের অন্যতম আলোচিত ও সম্মানিত এই খেলোয়াড় কেবল রেকর্ড বা ট্রফির জন্য খেলেননি, বরং কোটি কোটি মানুষের আনন্দ-বেদনার সঙ্গী হয়ে উঠেছিলেন। টেলিভিশনের সামনে বসে থাকা ভক্তদের কাছে তাঁর ব্যাটিং দেখা ছিল এক দারুণ উৎসবের নাম। কিন্তু টেন্ডুলকারের গল্প কি শুধুই রান, রেকর্ড আর ট্রফির। তাঁর সেঞ্চুরিতে উৎসব হয়েছে, আউট হলে নেমে এসেছে বিষণ্নতা। কত ম্যাচ জিতিয়েছেন ভারতকে, হয়ে উঠেছেন কত কোটি মানুষের প্রেরণা।
শচীনের ক্রিকেট জীবনের প্রতিটি মুহূর্ত কেবল পেশাগত বাধ্যবাধকতা ছিল না, বরং ছিল অকৃত্রিম ভালোবাসা। তাঁর জীবনের এই দীর্ঘ যাত্রার প্রতিটি ধাপ যেন ব্যাট ও বলের সেই আদি সম্পর্কেরই দলিল। এমন আবেগঘন ছবি প্রকাশের পেছনে একটি বিশেষ উপলক্ষও রয়েছে। ১৯৮৯ সালের ১৫ নভেম্বর ঠিক এই দিনে ব্যাট হাতে ভারতের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল শচীনের। সেই ঐতিহাসিক শুরুর দিনটির স্মরণে ৪৯ বছর আগের শৈশবের স্মৃতির সঙ্গে বর্তমানকে মিলিয়ে এক অনন্য আবেগ তৈরি করেছেন এই কিংবদন্তি।







