গত এক দশকে বাংলাদেশে কৃষিঋণ বিতরণের পরিমাণ দ্বিগুণের বেশি বৃদ্ধি পেয়েছে। তবে ঋণের বিস্তৃতির পাশাপাশি আশঙ্কাজনক হারে বেড়েছে খেলাপি ঋণের পরিমাণও। পরিসংখ্যান অনুযায়ী, এই দীর্ঘ সময়ে কৃষিঋণ যতটা বেড়েছে, খেলাপি ঋণের উল্লম্ফন ছিল তার চেয়ে অনেক বেশি। ২০১৬-১৭ অর্থবছরে দেশে কৃষি খাতে বিতরণ করা ঋণের পরিমাণ ছিল প্রায় ২১ হাজার কোটি টাকা, যা সর্বশেষ গত অর্থবছরে বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৪৩ হাজার কোটি টাকায়।
বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, ২০২৬–২৭ অর্থবছরে কৃষি খাতে খেলাপি ঋণের পরিমাণ ছিল ৫ হাজার ২৪০ কোটি টাকা। অর্থবছর শেষে তা বেড়ে ১৮ হাজার ৫৭৮ কোটি টাকায় পৌঁছায়। অর্থাৎ এক দশকের ব্যবধানে বিতরণ করা ঋণ দ্বিগুণ হলেও, খেলাপি ঋণ বেড়েছে সাড়ে তিন গুণেরও বেশি। বাংলাদেশ ব্যাংক গত রোববার কৃষিঋণ বিভাগের এই হালনাগাদ প্রতিবেদনটি প্রকাশ করেছে।
প্রতিবেদন অনুযায়ী, চলতি অর্থবছরের প্রথম তিন মাসে (জুলাই-সেপ্টেম্বর) কৃষিঋণ বিতরণের ইতিবাচক ধারা বজায় রয়েছে। এই প্রান্তিকে ব্যাংক ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) সম্মিলিতভাবে ১১ হাজার ১৩১ কোটি টাকা বিতরণ করেছে, যা গত বছরের একই সময়ের ৮ হাজার ৭৯০ কোটি টাকার তুলনায় ২ হাজার ৩৪১ কোটি টাকা বা প্রায় ২৭ শতাংশ বেশি। এর মধ্যে ৫৮টি ব্যাংক ১০ হাজার ৮৩৬ কোটি টাকা বিতরণ করেছে, যা তাদের লক্ষ্যমাত্রার ১৮ শতাংশ। চলতি অর্থবছরে প্রথম তিন মাসে ৫৮টি ব্যাংকের কৃষিঋণ বিতরণের লক্ষ্যমাত্রা ছিল ৬০ হাজার কোটি টাকা; কিন্তু বিতরণ হয়েছে ১১ হাজার ১৩১ কোটি টাকা, যা লক্ষ্যমাত্রার ১৮ শতাংশ।
চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে কৃষিঋণ বিতরণে শীর্ষস্থানে রয়েছে বাংলাদেশ কৃষি ব্যাংক। ব্যাংকটি এ সময়ে ২ হাজার ৪৪৮ কোটি টাকা ঋণ দিয়েছে। তালিকায় পরবর্তী অবস্থানে থাকা অন্য ব্যাংকগুলোর মধ্যে ইসলামী ব্যাংক ৮৮৮ কোটি, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক ৭৬৮ কোটি, সিটি ব্যাংক ৫৩৩ কোটি, পূবালী ব্যাংক ৪৮২ কোটি, সোনালী ব্যাংক ৪৫৭ কোটি, ব্র্যাক ব্যাংক ৪২৬ কোটি, ইউসিবি ৪১৪ কোটি, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক ৩৯৮ কোটি এবং প্রাইম ব্যাংক ৩১৫ কোটি টাকা বিতরণ করেছে।
বিতরণ করা ঋণের খাতওয়ারি বিশ্লেষণে দেখা যায়, মোট ঋণের প্রায় ৪৭ শতাংশ বা ৫ হাজার ৭০ কোটি টাকা গেছে ফসল উৎপাদন খাতে। প্রাণিসম্পদ ও পোলট্রি খাতে বিতরণ করা হয়েছে ৩ হাজার ২৫৩ কোটি টাকা (৩০ শতাংশ) এবং মৎস্য খাতে ১ হাজার ৩৮৮ কোটি টাকা (প্রায় ১৩ শতাংশ)। অকৃষি পল্লি খাতে বিতরণ করা হয়েছে ১ হাজার ৩ কোটি টাকা, যার মধ্যে দারিদ্র্য বিমোচন কার্যক্রমে ৪১৯ কোটি এবং অন্যান্য গ্রামীণ আয়বর্ধক কর্মকাণ্ডে ৫৮৪ কোটি টাকা অন্তর্ভুক্ত।
তুলনামূলক কম বিনিয়োগ হয়েছে সেচ ও কৃষি সরঞ্জাম খাতে। সেচ সরঞ্জামে ৪৬ কোটি এবং কৃষি সরঞ্জাম খাতে ৪৫ কোটি টাকা মিলিয়ে এই দুই খাতে মোট ৯১ কোটি টাকা ঋণ বিতরণ হয়েছে। এছাড়া শস্য সংরক্ষণ ও বিপণন খাতে বিনিয়োগ হয়েছে ৩১ কোটি টাকা। অপরদিকে, ব্যাংকের বাইরে বিআরডিবির মাধ্যমে প্রথম তিন মাসে ২৯৪ কোটি টাকা ঋণ বিতরণ হয়েছে, যা গত বছরের একই সময়ের ৩০১ কোটি টাকার চেয়ে ২ শতাংশ কম। সেই হিসাবে প্রতিষ্ঠানটির মাধ্যমে ঋণ বিতরণ আগের বছরের একই সময়ের চেয়ে ২ শতাংশ কমেছে।








