সোনাগাজীতে হচ্ছে দেশের বৃহত্তম সৌরবিদ্যুৎকেন্দ্র, ব্যয় ১ হাজার ৮৮৮ কোটি টাকা

Tajanews24

Published: নভেম্বর 16, 2026, 12:55 অপরাহ্ন

ফেনীর সোনাগাজীতে ২২০ মেগাওয়াট ক্ষমতার দেশের বৃহত্তম সৌরবিদ্যুৎকেন্দ্র নির্মাণ করছে ইলেকট্রিসিটি জেনারেশন বাংলাদেশ পিএলসি (ইজিবি)। সোমবার প্রকল্পসংশ্লিষ্ট এক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে এসব তথ্য জানানো হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

প্রকল্পটির অনুমোদিত ব্যয় ধরা হয়েছে ১ হাজার ৮৮৮ কোটি ১০ লাখ টাকা। বাংলাদেশ সরকার, ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক ও ইজিবির নিজস্ব অর্থায়নে প্রকল্পটি বাস্তবায়িত হবে বলে জানানো হয়েছে। ২০২৮ সালের ৩০ জুনের মধ্যে কাজ শেষ করার পরিকল্পনা রয়েছে।

প্রকল্পের আওতায় প্রায় ৪ লাখ ৬৯ হাজার ৫৬০টি সোলার পিভি মডিউল ও ২৬টি ইনভার্টার স্থাপন করা হবে। এ ছাড়া ৩৩/২৩০ কেভি পাওয়ার ট্রান্সফরমারসহ দুটি সাবস্টেশন নির্মাণ করা হবে। কেন্দ্রটি চালু হলে ২০২৮ সালের জুন থেকে জাতীয় গ্রিডে বছরে প্রায় ৪৪১ দশমিক ১৮ গিগাওয়াট-ঘণ্টা বিদ্যুৎ সরবরাহের লক্ষ্য রয়েছে।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, সরকারের ২০৩০ সালের মধ্যে সৌরশক্তি থেকে ১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য অর্জনে এই প্রকল্প গুরুত্বপূর্ণ অবদান রাখবে। সোনাগাজীকে বড় সৌরবিদ্যুৎ উৎপাদনকেন্দ্র হিসেবে গড়ে তুলতে পাশের এলাকায় আরও ১৩০ মেগাওয়াটের কেন্দ্রের জন্য ৩৮৬ একর ভূমি অধিগ্রহণের প্রকল্পও অনুমোদন পেয়েছে। এসব প্রকল্প বাস্তবায়িত হলে সোনাগাজী এলাকায় প্রায় ৬০০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের অবকাঠামো গড়ে উঠতে পারে।