জাতীয় বিশ্ববিদ্যালয়ে লকডাউন, রাত পর্যন্ত নিজ দপ্তরে অবরুদ্ধ উপাচার্য

Tajanews24

Published: নভেম্বর 16, 2026, 3:09 অপরাহ্ন

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায়ে চাকরিতে পুনর্বহাল হওয়া ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর জ্যেষ্ঠতা, পদোন্নতি ও বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবিতে সোমবার দ্বিতীয় দিনের মতো জাতীয় বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ হয়েছে। সমকাল জানিয়েছে, আন্দোলনকারীরা উপাচার্যের দপ্তর ঘেরাও করে অবস্থান নেন এবং একপর্যায়ে প্রধান ফটক বন্ধ করে পুরো ক্যাম্পাসে লকডাউন ঘোষণা করেন। এতে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রমে অচলাবস্থা সৃষ্টি হয়।

সোমবার সকাল ১০টা থেকে গাজীপুরে বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে কর্মসূচি শুরু হয়। আন্দোলনকারীরা উপাচার্যের দপ্তরের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ ও সমাবেশ করেন। অন্যদিকে আওয়ামী লীগপন্থী হিসেবে পরিচিত কর্মকর্তা-কর্মচারীরাও পাল্টা কর্মসূচি দিয়ে ক্যাম্পাস প্রদক্ষিণের চেষ্টা করলে দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয় বলে সমকালের প্রতিবেদনে বলা হয়েছে।

বিকেল তিনটার দিকে আন্দোলনকারীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক বন্ধ করে লকডাউন ঘোষণা করেন। এতে স্বাভাবিক কার্যক্রম কার্যত বন্ধ হয়ে যায়। রাত সাড়ে আটটার দিকে প্রতিবেদন লেখা পর্যন্ত উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ নিজ দপ্তরে অবরুদ্ধ ছিলেন। আন্দোলনকারীদের প্রতিনিধিদের সঙ্গে তাঁর বৈঠক চললেও বৈঠকে কী সিদ্ধান্ত হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। উপাচার্য সাংবাদিকদের সঙ্গে কথা বলেননি বলেও সমকাল জানিয়েছে।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, বিভিন্ন খাতে বিপুল অর্থ ব্যয় হলেও দীর্ঘদিন ধরে বঞ্চিত ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর ন্যায্য পাওনা পরিশোধে প্রশাসনের কার্যকর উদ্যোগ নেই। অধিকারবঞ্চিত কর্মকর্তা-কর্মচারীদের দাবি আদায়ে গঠিত কমিটির আহ্বায়ক মো. নাজিম উদ্দীন শিশিমের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন কমিটির সদস্যসচিব ও বিশ্ববিদ্যালয়ের তথ্য ও সেবা সরবরাহ বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক মো. মিয়া হোসেন রানা।

গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম রব্বানী রাত সাড়ে আটটার দিকে বলেন, আন্দোলন এখনও শেষ হয়নি। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভেতরে বৈঠক চলছে।