রাজধানীর মিরপুরের পল্লবীতে সাত বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর নির্মমভাবে হত্যার ঘটনায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামি সোহেল রানা ও স্বপ্না খাতুনের আপিল ও ডেথ রেফারেন্সের ওপর রায় প্রদান শুরু হয়েছে। মঙ্গলবার সকাল ১০টা ৩৬ মিনিটে বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কেএম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এই রায় পড়া শুরু হয়। বেঞ্চের জ্যেষ্ঠ বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী রায় পাঠ করছেন। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ১০টা ৩৬ মিনিটে বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কেএম রাশেদুজ্জামান রাজার হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা শুরু করেন।
এর আগে সোমবার এই মামলার আপিল ও ডেথ রেফারেন্স শুনানি শেষ হয় এবং আদালত মঙ্গলবার রায়ের দিন নির্ধারণ করেছিলেন। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল ওসমান চৌধুরী। অন্যদিকে, রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হিসেবে আসামিপক্ষে শুনানি করেছেন হাফিজুর রহমান খান। এরপর রামিসা হত্যায় আসামিদের মৃত্যুদণ্ডের ডেথ রেফারেন্স (যাবতীয় নথি) হাইকোর্টে এসে পৌঁছে।
তদন্ত প্রতিবেদন ও মামলার নথিপত্র অনুযায়ী, রামিসার পরিবার পল্লবীর সেকশন-১১, ব্লক-বি এলাকার একটি ভাড়া বাসায় থাকত এবং রামিসার বাবা বনানীতে একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন। আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তার একই ভবনের অন্য একটি ফ্ল্যাটে ভাড়া থাকতেন। ভিকটিম রামিসা পপুলার মডেল হাই স্কুলের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।
গত ১৯ মে শিশুটিকে ধর্ষণের পর হত্যা করা হয়। ঘটনার পরপরই রুমের জানালার গ্রিল কেটে সোহেল রানা পালিয়ে গেলেও জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে পুলিশ স্বপ্নাকে আটক করে। পরে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানার সামনে থেকে সোহেল রানাকে গ্রেপ্তার করা হয়। নিহতের বাবা পল্লবী থানায় মামলা দায়ের করলে ২১ মে সোহেল রানা আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
ঘটনার দ্রুত বিচার সম্পন্ন করতে তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক অহিদুজ্জামান ২৫ মে আদালতে চার্জশিট জমা দেন এবং ১ জুন অভিযোগ গঠনের মাধ্যমে বিচার প্রক্রিয়া শুরু হয়। ওইদিনই মামলাটি পরবর্তী বিচারের জন্য ট্রাইব্যুনালে পাঠানো হয়।
মামলার গুরুত্ব বিবেচনায় মাত্র একদিনে ১৬ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়।
এরপর ৩ জুন আসামিদের ৩৪২ ধারায় পরীক্ষা করা হয় এবং হত্যাকাণ্ডের মাত্র ১৯ দিনের মাথায় ৭ জুন ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন রায় প্রদান করেন।
ট্রাইব্যুনালের রায়ে ফৌজদারি কার্যবিধির ৩৬৮ ধারা অনুযায়ী আসামিদের মৃত্যু নিশ্চিত হওয়া পর্যন্ত ফাঁসি দিয়ে ঝুলিয়ে রাখার নির্দেশ দেওয়া হয়। সেই সঙ্গে সোহেল রানাকে ৫ লাখ ও স্বপ্না খাতুনকে ২ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়, যা রামিসার আইনগত উত্তরাধিকারীদের পরিশোধ করতে বলা হয়েছে। এ রায় হাইকোর্টের চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় ছিল। পরে আসামিরা উচ্চ আদালতে জেল আপিল করলে তার শুনানি শেষে আজ রায় ঘোষণা করা হচ্ছে। রায়ে ট্রাইব্যুনাল বলেছেন, ফৌজদারি কার্যবিধির ৩৬৮ ধারা অনুযায়ী আসামিদের মৃত্যু না হওয়া পর্যন্ত গলায় ফাঁসি দিয়ে ঝুলিয়ে রাখতে হবে। আর ফৌজদারি কার্যবিধির ৩৭৪ ধারা মোতাবেক হাইকোর্ট বিভাগের অনুমোদন সাপেক্ষে এই মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে। এছাড়া আসামি সোহেলকে ৫ লাখ ও স্বপ্নাকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার টাকা না দিলে কালেক্টরেট অফিসকে তার স্থাবর-অস্থাবর সম্পত্তি ক্রোক ও তা বিক্রি করে রামিসার আইনগত উত্তরাধিকারদের দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।








