স্কুল-কলেজ সরকারিকরণে নতুন খসড়া নীতিমালা: প্রতিষ্ঠানের বয়স হতে হবে কমপক্ষে ২৫ বছর

Tajanews24

Published: নভেম্বর 18, 2026, 1:01 অপরাহ্ন

বেসরকারি স্কুল ও কলেজ সরকারিকরণের ক্ষেত্রে অভিন্ন মানদণ্ড চালু করতে নতুন একটি খসড়া নীতিমালা তৈরি করেছে শিক্ষা মন্ত্রণালয়। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের তৈরি ‘বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান সরকারিকরণ নীতিমালা-২০২৬’ শীর্ষক খসড়ায় সাধারণ নিয়মে সরকারিকরণের বিবেচনায় আসতে হলে প্রতিষ্ঠানের বয়স কমপক্ষে ২৫ বছর হতে হবে বলে প্রস্তাব করা হয়েছে। ঢাকা পোস্টের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

খসড়া অনুযায়ী, প্রতিষ্ঠানের নিজের মালিকানা ও দখলে শর্তমুক্ত, অখণ্ড ও নিষ্কণ্টক জমি থাকতে হবে। পাশাপাশি খেলার মাঠ, প্রয়োজনীয়সংখ্যক শ্রেণিকক্ষ, সুপেয় পানির ব্যবস্থা, স্বাস্থ্যসম্মত শৌচাগার এবং বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের চলাচলের জন্য ভবনে র‍্যাম্প থাকতে হবে। বিজ্ঞান বিভাগের জন্য মানসম্মত পরীক্ষাগার এবং অন্তত একটি আইসিটি বা কম্পিউটার ল্যাব রাখার শর্তও প্রস্তাব করা হয়েছে। তবে জমির পরিমাণ কত হতে হবে, খসড়ায় তা নির্দিষ্ট করে বলা হয়নি।

গ্রন্থাগারের ক্ষেত্রেও স্তরভেদে বইয়ের সংখ্যা বেঁধে দেওয়ার প্রস্তাব রয়েছে। নিম্নমাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের গ্রন্থাগারে কমপক্ষে ৩ হাজার, উচ্চমাধ্যমিক বিদ্যালয়ে অন্তত ৫ হাজার এবং উচ্চমাধ্যমিক ও স্নাতক কলেজের গ্রন্থাগারে কমপক্ষে ১০ হাজার বই থাকতে হবে। শিক্ষক ও শিক্ষার্থীর সংখ্যার ক্ষেত্রে আলাদা কোনো সংখ্যা নির্ধারণ না করে ২০২৫ সালের জনবলকাঠামো ও এমপিও নীতিমালা অনুসরণের কথা বলা হয়েছে খসড়ায়।

সরকারিকরণে অগ্রাধিকার পাবে দুর্গম, দরিদ্র ও শিক্ষায় পিছিয়ে থাকা এলাকার প্রতিষ্ঠান। পুরোনো ও ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানকেও গুরুত্ব দেওয়া হবে এবং গত পাঁচ বছরের শিক্ষার্থীসংখ্যা ও পাবলিক পরীক্ষার ফল বিবেচনায় নেওয়া হবে। প্রক্রিয়া অনুযায়ী, প্রথমে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) সম্ভাব্যতা যাচাই করবে, এরপর সরকারপ্রধানের নীতিগত অনুমোদন এবং চূড়ান্ত অনুমোদনের আগে অর্থ বিভাগের সম্মতি লাগবে। বিশেষ বিবেচনায় যেকোনো শর্ত শিথিল করার ক্ষমতা সরকারের হাতে রাখার প্রস্তাবও রয়েছে। সরকারিকরণ হলে প্রতিষ্ঠানের সব স্থাবর ও অস্থাবর সম্পত্তি সরকারের অনুকূলে হস্তান্তরিত বলে গণ্য হবে।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল ঢাকা পোস্টকে বলেন, সরকারিকরণের ক্ষেত্রে একটি সুনির্দিষ্ট ও অভিন্ন কাঠামো তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে এবং খসড়াটি চূড়ান্ত হওয়ার আগে সংশ্লিষ্ট উচ্চপর্যায়ের কর্মকর্তারা তা পর্যালোচনা করবেন। তিনি বলেন, শিক্ষার মানোন্নয়নই এই উদ্যোগের মূল লক্ষ্য।