সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার শেরনগর পূর্বপাড়া এলাকায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী সংগঠন জাতীয় স্বেচ্ছাসেবক শক্তির আহ্বায়ক ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক মাহিন সরকারের গ্রামের বাড়ি লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে মোটরসাইকেলে আসা একদল দুর্বৃত্ত ঘটনাটি ঘটিয়ে দ্রুত পালিয়ে যায়। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত সাড়ে ৯ টার দিকে দুর্বৃত্তরা মোটরসাইকেলে এসে বাড়িটি লক্ষ্য করে একটি পেট্রোল বোমা নিক্ষেপ করে পালিয়ে যায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পেট্রোল বোমাটি বাড়ি লক্ষ্য করে ছোড়া হলেও তা প্রবেশপথে বিস্ফোরিত হয় এবং সেখানে আগুন ধরে যায়। উপস্থিত স্থানীয় বাসিন্দারা দ্রুত পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনেন। ওই সময় মাহিন সরকার ঢাকায় অবস্থান করছিলেন এবং বাড়িতে ছিলেন তার অসুস্থ বাবা-মাসহ পরিবারের অন্যান্য সদস্যরা। এই ঘটনায় কোনো ব্যক্তির ক্ষতি না হলেও পুরো এলাকায় চরম আতঙ্ক সৃষ্টি হয়।
হামলার বিষয়ে মাহিন সরকার তার ফেসবুক অ্যাকাউন্টে লেখেন, আওয়ামী লীগের সন্ত্রাসীরা বেশ কিছু দিন ধরে তার বাড়িতে আগুন দেওয়ার হুমকি দিয়ে আসছিল। রাত সাড়ে ৯টার দিকে তার অসহায় ও মুমূর্ষু বাবা-মা বাড়িতে থাকা অবস্থায় পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়। এই ঘটনার পর তিনি ন্যায়বিচারের দাবি জানান।
বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তারুজ্জামান পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং এই নাশকতার সাথে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে কাজ চলছে। তবে, কারা এই নাশকতা ঘটিয়েছে, তা শনাক্ত করতে কাজ করছে পুলিশ।








