বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিক্ষার মূলধারায় সম্পৃক্ত করতে ২০৩০ সালের মধ্যে দেশের ৬৫ হাজারের বেশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রয়োজনীয় সক্ষমতা গড়ে তোলার লক্ষ্যে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। বৃহস্পতিবার রাজধানীর বাংলাদেশ শিশু একাডেমিতে আয়োজিত ‘আলোকিত শিশু ১৮-র জয়গান’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন বলে বাংলাদেশ প্রতিদিন ও সমকাল জানিয়েছে।
প্রতিমন্ত্রী বলেন, বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিক্ষা ও বিকাশের বিষয়টি শুধু সংশ্লিষ্ট পরিবার বা বিশেষায়িত প্রতিষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না। এ বিষয়ে দেশব্যাপী সচেতনতা তৈরি করা এবং প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করা জরুরি বলে উল্লেখ করে তিনি সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে এ উদ্যোগে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।
ববি হাজ্জাজ বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক সুরক্ষার বিষয়টিকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় দেশের প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এসব শিশুর জন্য অন্তর্ভুক্তিমূলক শিক্ষার পরিবেশ তৈরিতে কাজ করছে এবং প্রত্যন্ত অঞ্চলসহ ৬৫ হাজার ৫০০-এর বেশি বিদ্যালয়ে এ সক্ষমতা গড়ে তোলার পরিকল্পনা নিয়ে সরকার এগিয়ে যাচ্ছে বলে তিনি জানান।
এসব শিশুর জন্য উপযুক্ত শিক্ষার পরিবেশ, প্রয়োজনীয় অবকাঠামো এবং প্রশিক্ষিত শিক্ষক নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও মন্তব্য করেন প্রতিমন্ত্রী। এ লক্ষ্যে শিক্ষকদের প্রশিক্ষণসহ বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে। ‘আলোকিত শিশু’র মতো প্রতিষ্ঠানগুলো এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে উল্লেখ করে তিনি বলেন, তাদের অর্জিত অভিজ্ঞতা ও কার্যকর উদ্যোগগুলো দেশব্যাপী ছড়িয়ে দেওয়ার প্রয়োজন রয়েছে।
বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিক্ষা ও প্রারম্ভিক বিকাশে কাজ করা প্রতিষ্ঠান ‘আলোকিত শিশু’র ১৮ বছর পূর্তি উপলক্ষে দিনব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। আয়োজকেরা জানিয়েছেন, ২০০৯ সালে যাত্রা শুরু করা প্রতিষ্ঠানটি বিশেষ শিক্ষা, প্রারম্ভিক শিশু বিকাশ, অকুপেশনাল থেরাপি, স্পিচ থেরাপি ও ফিজিওথেরাপি সেবার পাশাপাশি শিক্ষক ও অভিভাবকদের প্রশিক্ষণ এবং আবাসিক সেবার মাধ্যমে শিশুদের বিকাশে কাজ করে আসছে। অনুষ্ঠানে শিশু, অভিভাবক, শিক্ষক, থেরাপিস্ট, গবেষক ও বিশিষ্টজনেরা অংশ নেন।







