শিকাগোতে খালেদা জিয়ার নামে সড়কের নামফলক উন্মোচন, ‘মাদার অব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া ওয়ে’

Tajanews24

Published: নভেম্বর 23, 2026, 7:51 পূর্বাহ্ন

যুক্তরাষ্ট্রের ইলিনয় অঙ্গরাজ্যের শিকাগো শহরের প্রাণকেন্দ্রে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার নামে একটি সড়কের নামফলক আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয়েছে। ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের প্রেস উইংয়ের সংবাদ বিজ্ঞপ্তির বরাতে বাসস জানিয়েছে, স্থানীয় সময় রোববার (২২ নভেম্বর) দুপুরে আয়োজিত অনুষ্ঠানে শিকাগো সিটি কাউন্সিলের অল্ডারম্যান গিলবার্ট ভিলেগাস নামফলকটি উন্মোচন করেন।

শহরের আপার ওয়াকার ড্রাইভের একটি অংশের সম্মানসূচক নাম দেওয়া হয়েছে ‘মাদার অব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া ওয়ে’। সড়কটির পাশেই অবস্থিত শিকাগোর বিখ্যাত উইলিস টাওয়ার, যা আগে সিয়ার্স টাওয়ার নামে পরিচিত ছিল। ১১০ তলাবিশিষ্ট এই ভবনের কাঠামোগত নকশা করেছিলেন বাংলাদেশি প্রকৌশলী ফজলুর রহমান খান, যিনি বিশ্বজুড়ে এফ আর খান নামে পরিচিত।

প্রেস উইং জানিয়েছে, গত ২৩ সেপ্টেম্বর অল্ডারম্যান গিলবার্ট ভিলেগাস সিটি কাউন্সিলে নামকরণের প্রস্তাবটি উত্থাপন করেন এবং কাউন্সিল তা সর্বসম্মতিক্রমে অনুমোদন করে। এই উদ্যোগের নেতৃত্বে ছিলেন শিকাগোর বাংলাদেশি কমিউনিটি নেতা শাহ মোজাম্মেল নান্টু; তিনি স্থানীয় প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে নিয়ে নামকরণের প্রক্রিয়াটি এগিয়ে নেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

নামকরণের প্রস্তাবে খালেদা জিয়ার রাজনৈতিক অবদানের কথা বিশেষভাবে তুলে ধরা হয়। বাসস জানিয়েছে, তিনি বাংলাদেশের জনগণের ভোটে তিনবার প্রধানমন্ত্রী নির্বাচিত হন এবং জাতীয় সংসদ নির্বাচনে পাঁচটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে প্রতিবারই বড় ব্যবধানে বিজয়ী হন। গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে তাঁর আপসহীন ভূমিকা ও রাজনৈতিক জনপ্রিয়তাও প্রস্তাবে বিবেচনায় নেওয়া হয়েছে।

বৃষ্টিভেজা পরিবেশে আয়োজিত উন্মোচন অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক মো. আরিফুল ইসলাম, দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মোর্তোজা, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য গিয়াস আহমেদসহ শিকাগোর বাংলাদেশি কমিউনিটির নেতারা উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জানিয়েছে, অনুষ্ঠানে গিয়াস আহমেদ এই নামকরণকে শুধু একজন নেত্রীর প্রতি সম্মান নয়, বাংলাদেশের গণতান্ত্রিক সংগ্রাম ও প্রবাসী বাংলাদেশিদের জন্য ঐতিহাসিক গৌরবের মুহূর্ত বলে মন্তব্য করেন। উল্লেখ্য, ২০১৪ সালেও শিকাগোর আরেকটি সড়কের নামকরণ করা হয়েছিল ‘অনারারি জিয়াউর রহমান ওয়ে’।