ঢাকা: লিবিয়ার বেনগাজি শহরের গানফুদা ডিটেনশন সেন্টারে আটক থাকা ১৭৪ জন বাংলাদেশি নাগরিক দেশে ফিরেছেন। বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহায়তায় ২৩ নভেম্বর তাঁদের প্রত্যাবাসন প্রক্রিয়া সম্পন্ন হয় এবং বুরাক এয়ারের ইউজেড-২২২ ফ্লাইটে মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ৬টার দিকে তাঁরা ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।
দূতাবাসের তথ্য অনুযায়ী, ফিরে আসা ব্যক্তিদের অনেকেই ভূমধ্যসাগরে উদ্ধার হওয়ার পর দীর্ঘদিন ধরে ওই ডিটেনশন সেন্টারে আটক ছিলেন। প্রত্যাবাসিতদের মধ্যে ১৯ জন শারীরিকভাবে অসুস্থ রয়েছেন বলে দূতাবাস জানিয়েছে।
বেনগাজির বেনিনা আন্তর্জাতিক বিমানবন্দরে প্রত্যাবাসিতদের বিদায় জানান লিবিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মো. হাবীব উল্লাহ। এ সময় লিবিয়ার পররাষ্ট্র দপ্তরসহ বিভিন্ন সংস্থার উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন বলে দূতাবাস জানিয়েছে। বিদায়ের সময় রাষ্ট্রদূত তাঁদের খোঁজখবর নেন এবং দেশে ফিরে নতুনভাবে জীবন শুরু করার আহ্বান জানান।
রাষ্ট্রদূত প্রত্যাবাসিতদের দক্ষতা অর্জন করে উদ্যোক্তা হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করার পরামর্শ দেন এবং কোনো অবস্থাতেই অনিয়মিত পথে বিদেশ না যাওয়ার বিষয়ে সতর্ক করেন। পাশাপাশি লিবিয়ায় নিজেদের অভিজ্ঞতা অন্যদের কাছে তুলে ধরে অনিয়মিত অভিবাসন প্রতিরোধে সচেতনতা তৈরির আহ্বান জানান তিনি এবং মানব পাচার ও অবৈধ অভিবাসনের সঙ্গে জড়িত দালাল চক্রের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেন।
বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, লিবিয়ার বিভিন্ন ডিটেনশন সেন্টারে আটক এবং স্বেচ্ছায় দেশে ফিরতে ইচ্ছুক বাংলাদেশিদের প্রত্যাবাসনে সহযোগিতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় আগামী ২৫ নভেম্বর আইওএমের সহায়তায় ত্রিপলি ও মিসরাতা থেকে আরও ১৭৫ জন বাংলাদেশি নাগরিককে দেশে ফিরিয়ে আনার লক্ষ্যে কাজ চলছে বলে জানিয়েছে দূতাবাস।








