দীর্ঘদিনের স্থবিরতার পর আবার চালু হচ্ছে মালয়েশিয়ার শ্রমবাজারে কর্মী পাঠানোর প্রক্রিয়া। সম্পূর্ণ বিনা খরচে প্রথম দফায় ১১২ জন বাংলাদেশি কর্মী আগামী বৃহস্পতিবার (২৬ নভেম্বর) মালয়েশিয়া যাচ্ছেন। বাংলাদেশ ওভারসিজ অ্যামপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল) সূত্রে এ তথ্য জানা গেছে।
বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাশেদুল হক বাংলা ট্রিবিউনকে জানিয়েছেন, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বাণিজ্যিক ফ্লাইটে কর্মীরা কুয়ালালামপুরের উদ্দেশে রওনা হবেন। প্রধানমন্ত্রী তারেক রহমান এই প্রথম ফ্লাইটের উদ্বোধন করবেন। মঙ্গলবার (২৪ নভেম্বর) এক বিবৃতিতে প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব শাহাদাৎ হোসেন স্বাধীনও ফ্লাইটের তথ্য নিশ্চিত করেছেন বলে গণমাধ্যমে জানানো হয়েছে।
নির্বাচিত ১১২ জন কর্মী মালয়েশিয়ার ডিএইচএল সাপ্লাই চেইন প্রতিষ্ঠানে কাজে যোগ দেবেন। বোয়েসেল সূত্র জানিয়েছে, তাদের যাতায়াতসহ যাবতীয় ব্যয় বহন করবে নিয়োগদাতা প্রতিষ্ঠানটি। ফলে এসব কর্মীকে বিদেশ যেতে কোনো অভিবাসন ব্যয় করতে হচ্ছে না।
সরকারের ঘোষণা অনুযায়ী, প্রথম ধাপে মোট ১০ হাজার কর্মীকে সম্পূর্ণ বিনা খরচে মালয়েশিয়ায় পাঠানোর পরিকল্পনা রয়েছে। সেই উদ্যোগের অংশ হিসেবেই প্রথম দলটি দেশ ছাড়ছে। তবে প্রথম ফ্লাইটের পর বাকি কর্মীদের যাওয়ার সময়সূচি এখনো জানানো হয়নি বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
কর্মী নির্বাচনে এবার লটারি ও পরীক্ষাভিত্তিক পদ্ধতি অনুসরণ করা হয়েছে। গত ৬ থেকে ৮ নভেম্বর অনলাইনে মোট ৪ হাজার ২৯টি আবেদন জমা পড়ে। প্রাথমিক পর্যায়ে লটারির মাধ্যমে ৩০০ জনকে নির্বাচন করা হয়; সাক্ষাৎকারে কিছু প্রার্থী অনুপস্থিত থাকায় আরও ৫০ জনকে সুযোগ দেওয়া হয়। শেষ পর্যন্ত ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার মাধ্যমে ১১২ জনকে চূড়ান্তভাবে নির্বাচন করে নিয়োগদাতা প্রতিষ্ঠান ডিএইচএল।







