দীর্ঘদিনের অনিয়ম, ঋণ জালিয়াতি ও সুশাসনের অভাবে বিপর্যস্ত ব্যাংকিং খাতের ক্ষত সারাতে চার বছর মেয়াদি সংস্কার পরিকল্পনা নিয়েছে বাংলাদেশ ব্যাংক। মঙ্গলবার (২৪ নভেম্বর) কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন বলে গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে। পরিকল্পনার আওতায় দুর্বল ব্যাংকগুলোর আর্থিক ভিত্তি শক্তিশালী করা, প্রয়োজন অনুযায়ী নতুন মূলধন জোগান, খেলাপি ঋণ আদায়, পরিচালনা পর্ষদ পুনর্গঠন এবং আমানতকারীদের আস্থা ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ব্যাংকগুলোর প্রকৃত আর্থিক অবস্থা নিরূপণ এবং দীর্ঘদিনের পুঞ্জীভূত অনিয়ম ও দুর্বলতা চিহ্নিত করতে আন্তর্জাতিকভাবে স্বীকৃত পদ্ধতিতে সম্পদমান পর্যালোচনা (অ্যাসেট কোয়ালিটি রিভিউ—একিউআর) কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। বিশেষ করে সমস্যাগ্রস্ত ব্যাংকগুলোর ক্ষেত্রে এ কার্যক্রম প্রায় শেষ পর্যায়ে রয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের ভাষ্য অনুযায়ী, খেলাপি ঋণের হারসহ বিভিন্ন আর্থিক সূচকে যে পরিবর্তন দেখা যাচ্ছে, তা সাম্প্রতিক দুই বছরের কর্মকাণ্ডের ফল নয়; বরং দীর্ঘ সময় ধরে জমে থাকা অনিয়ম ও দুর্বলতার প্রতিফলন।
সংকটে থাকা ব্যাংকগুলোর কার্যক্রম সচল রাখতে জরুরি ভিত্তিতে তারল্য সহায়তা ও গ্যারান্টি দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। একই সঙ্গে ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফেরাতে পরিচালনা পর্ষদ পুনর্গঠন, স্বতন্ত্র ও উপযুক্ত পরিচালক নিয়োগ এবং প্রয়োজন অনুযায়ী ব্যবস্থাপনা পরিচালক বা প্রধান নির্বাহী কর্মকর্তা পরিবর্তনের মতো প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হয়েছে। এসব উদ্যোগের উদ্দেশ্য শুধু সাময়িক সংকট মোকাবিলা নয়, ভবিষ্যতে অনিয়মের পুনরাবৃত্তি ঠেকানোও বলে কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে।
প্রতিটি ব্যাংকের জন্য আলাদা পুনরুদ্ধার ও পুনর্গঠন পরিকল্পনা তৈরি করেছে বাংলাদেশ ব্যাংক। এসব পরিকল্পনায় পুনঃমূলধনীকরণ, আর্থিক ও প্রাতিষ্ঠানিক পুনর্গঠন, করপোরেট সুশাসন জোরদার এবং পুরোনো খেলাপি ঋণ ও ঝুঁকিপূর্ণ সম্পদ ব্যবস্থাপনার বিষয়গুলো অন্তর্ভুক্ত রয়েছে। আগামী চার বছরে পর্যায়ক্রমে এসব পরিকল্পনা বাস্তবায়ন করা হবে। দীর্ঘ মেয়াদে আমানত সুরক্ষা ব্যবস্থা শক্তিশালী করা, খেলাপি ঋণ আদায় ও ঝুঁকি ব্যবস্থাপনা উন্নত করার সংস্কারও চলমান রয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বাংলাদেশ ব্যাংক আশা করছে, চলমান সংস্কার কার্যক্রমের ফলে ২০২৬ সালের ডিসেম্বরের মধ্যে খেলাপি ঋণ পরিস্থিতিতে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জিত হবে। এদিকে ব্যাংকিং খাত নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে ছড়ানো গুজবে বিভ্রান্ত না হয়ে কেন্দ্রীয় ব্যাংকের আনুষ্ঠানিক বক্তব্য ও বিজ্ঞপ্তি অনুসরণের পরামর্শ দেওয়া হয়েছে বলে গণমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে।








