দীর্ঘ আলোচনা ও দর-কষাকষির পর তৈরি পোশাকশ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি ১৬ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) নিম্নতম মজুরি বোর্ডের বৈঠকে এ সিদ্ধান্ত হয় বলে বৈঠক সূত্রে জানা গেছে। মালিক ও শ্রমিক—দুই পক্ষের প্রতিনিধিরাই নতুন এই মজুরি কাঠামোয় সম্মত হয়েছেন।
বোর্ড সূত্র জানিয়েছে, নতুন কাঠামো নিয়ে দুই পক্ষের মধ্যে কয়েক দফা আলোচনা হয়েছে। শুরুতে দুই পক্ষের প্রস্তাবের মধ্যে বড় ব্যবধান থাকলেও শেষ পর্যন্ত প্রতিনিধিরা সমঝোতায় পৌঁছান। সোমবারের তৃতীয় সভায় শ্রমিকপক্ষ সংশোধিত প্রস্তাবে ২২ হাজার টাকা এবং মালিকপক্ষ ১৫ হাজার ৮০০ টাকা প্রস্তাব করেছিল; মঙ্গলবার দুপুর ২টায় মুলতবি সভা আবার বসার পর ১৬ হাজার টাকায় ঐকমত্য হয়।
এর আগে ৯ নভেম্বর বোর্ডের দ্বিতীয় সভায় শ্রমিকপক্ষ ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব জমা দিয়েছিল, আর মালিকপক্ষ সোমবারের সভায় শুরুতে ১৫ হাজার টাকার প্রস্তাব দেয়। বর্তমানে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১২ হাজার ৫০০ টাকা, যা নির্ধারিত হয়েছিল ২০২৩ সালের নভেম্বরে। মজুরি বৃদ্ধির দাবিতে শ্রমিক অসন্তোষের মধ্যে ১ নভেম্বর সরকার নিম্নতম মজুরি বোর্ড পুনর্গঠন করে।
সোমবার দুপুর পৌনে ১২টায় রাজধানীর সেগুনবাগিচায় বোর্ডের কার্যালয়ে ছয় সদস্যের বোর্ডের তৃতীয় সভা শুরু হয়; দীর্ঘ আলোচনার পর রাত ৯টার দিকে সভা মুলতবি করা হয়। তৃতীয় সভায় প্রথমবারের মতো দুই পক্ষের বিশেষজ্ঞ প্রতিনিধিরা অংশ নেন—মালিকপক্ষের বিশেষজ্ঞ হিসেবে ছিলেন বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান, আর শ্রমিকপক্ষের বিশেষজ্ঞ হিসেবে অংশ নেন বাংলাদেশ মুক্ত গার্মেন্টস শ্রমিক ইউনিয়ন ফেডারেশনের সাধারণ সম্পাদক রাশদুল আলম রাজু।
মঙ্গলবার বিকালে সংবাদ ব্রিফিংয়ের মাধ্যমে নতুন মজুরি কাঠামো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করার কথা রয়েছে। বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী এই ঘোষণা দেবেন এবং ব্রিফিংয়ে মালিক ও শ্রমিকপক্ষের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন বলে জানা গেছে। আনুষ্ঠানিক ঘোষণার পর নতুন কাঠামোর বিস্তারিত ও তা কার্যকরের বিষয়টি স্পষ্ট হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।








