জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম ছয় সদস্যের সংসদীয় প্রতিনিধিদল নিয়ে পাকিস্তান সফরে ইসলামাবাদে পৌঁছেছেন। সোমবার (২৩ নভেম্বর) রাতে ইসলামাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে তাঁকে লালগালিচা সংবর্ধনা দেওয়া হয়। মঙ্গলবার (২৪ নভেম্বর) ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিমানবন্দরে স্পিকারকে স্বাগত জানান পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিক। এ সময় পাকিস্তানের জাতীয় পরিষদের বাংলাদেশ-পাকিস্তান পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপের আহ্বায়ক ড. শাজিয়া সোবিয়া আসলাম সুমরো এবং পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. ইকবাল হোসেন খান উপস্থিত ছিলেন। হাইকমিশনের কাউন্সিলর (প্রেস) মো. তৈয়ব আলী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকারের আমন্ত্রণে সরকারি সফরে গেছেন হাফিজ উদ্দিন আহমদ। সফরসূচি অনুযায়ী, তিনি ২৪ থেকে ২৮ নভেম্বর পর্যন্ত ইসলামাবাদ, লাহোর ও করাচি সফর করবেন। সফরকালে পাকিস্তানের শীর্ষ পর্যায়ের নেতাদের সঙ্গে তাঁর বৈঠকের কর্মসূচি রয়েছে বলে আগের প্রতিবেদনগুলোতে জানানো হয়েছিল।
সংসদীয় প্রতিনিধিদলে স্পিকারের সঙ্গে রয়েছেন সংসদ সদস্য নাসের রহমান, জহরত আদিব চৌধুরী, হুমাম কাদের চৌধুরী, মোহাম্মদ নাজিবুর রহমান এবং নিলোফার চৌধুরী মনি। ছয় সদস্যের এই প্রতিনিধিদল সোমবার দুপুরে ঢাকা থেকে ইসলামাবাদের উদ্দেশে রওনা হয়েছিল।
নির্ধারিত কর্মসূচি শেষে আগামী ২৯ নভেম্বর প্রতিনিধিদলের দেশে ফেরার কথা রয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, দুই দেশের সংসদের মধ্যে সহযোগিতা ও পারস্পরিক সম্পর্ক জোরদারে এই সফর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।






