আয় করযোগ্য সীমার নিচে আয় থাকলেই আয়কর রিটার্নের সব ঘরে শূন্য বসিয়ে জমা দেওয়ার সুযোগ নেই বলে করদাতাদের সতর্ক করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। সংস্থাটি জানিয়েছে, যাঁদের জন্য আইন অনুযায়ী রিটার্ন দাখিল বাধ্যতামূলক, তাঁদের কর দিতে না হলেও প্রকৃত আয়, ব্যয়, সম্পদ ও দায়ের বিবরণ রিটার্নে তুলে ধরতে হবে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ‘জিরো রিটার্ন’ নিয়ে ছড়িয়ে পড়া বিভিন্ন প্রচারণার পরিপ্রেক্ষিতে এনবিআর এই সতর্কতা দিয়েছে। এনবিআরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আয়কর আইন, ২০২৩-এ সব তথ্য শূন্য দেখিয়ে রিটার্ন দাখিলের কোনো বিধান নেই। এসব বিভ্রান্তিকর প্রচারণায় প্রভাবিত হয়ে কিছু করদাতা আয়, ব্যয়, সম্পদ ও দায় সম্পর্কে মিথ্যা ঘোষণা দিচ্ছেন বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
এনবিআর জানিয়েছে, ‘জিরো রিটার্ন’ আর ‘শূন্য করদায়’ এক বিষয় নয়। প্রকৃত আয়, অনুমোদিত ছাড় ও প্রযোজ্য কর হিসাবের পর কারও করদায় শূন্য হতে পারে; কিন্তু তার মানে এই নয় যে তাঁর আয়, ব্যয় ও সম্পদের বিবরণও শূন্য হবে। আয় করমুক্ত সীমার নিচে থাকলেও কোনো ব্যক্তির ব্যাংকে জমা অর্থ, সঞ্চয়পত্র, জমি, বাড়ি, ফ্ল্যাট বা গাড়ি থাকতে পারে, আবার ব্যাংকঋণসহ অন্যান্য আর্থিক দায়ও থাকতে পারে — এসব তথ্য প্রকৃত অবস্থার সঙ্গে মিলিয়ে উল্লেখ করতে হবে।
রিটার্নে চাকরি, ব্যবসা, বাড়িভাড়া, কৃষি ও বিনিয়োগসহ সব প্রযোজ্য উৎসের আয়, ব্যক্তিগত ও জীবনযাপনের ব্যয়, ব্যাংক আমানত, নগদ অর্থ, শেয়ারসহ সব সম্পদ এবং সব ধরনের দায়ের বিবরণ দিতে হবে বলে জানিয়েছে এনবিআর। প্রযোজ্য ক্ষেত্রে উৎসে কর কর্তন, অগ্রিম কর ও অনুমোদিত বিনিয়োগের তথ্যও উল্লেখ করতে হবে। কোনো তথ্য নিয়ে সন্দেহ থাকলে অনুমানের ভিত্তিতে না লিখে সংশ্লিষ্ট কর অফিস বা যোগ্য কর পরামর্শকের সহায়তা নেওয়ার পরামর্শ দিয়েছে সংস্থাটি।
এনবিআর আরও জানিয়েছে, রিটার্নে ইচ্ছাকৃতভাবে ভুল তথ্য দেওয়া বা কর ফাঁকির চেষ্টা করলে আয়কর আইন, ২০২৩-এর ৩১২ ও ৩১৩ ধারা অনুযায়ী সর্বোচ্চ পাঁচ বছর পর্যন্ত কারাদণ্ড, অর্থদণ্ড অথবা উভয় দণ্ড হতে পারে। সংস্থাটির ভাষ্য, সত্য ঘোষণা দেওয়া প্রত্যেক করদাতার আইনি ও নৈতিক দায়িত্ব; আয় করযোগ্য না হলে কর দিতে হবে না, তবে মিথ্যা শূন্য তথ্য দিয়ে রিটার্ন জমা দেওয়ার কোনো সুযোগ আইনে নেই।








