এআইয়ের অগ্রগতি মাপতে ‘পারপ্লেক্সিটি’কে মানদণ্ড করে যৌথ সীমা বেঁধে দেওয়ার প্রস্তাব ওপেনএআইয়ের প্রধান বিজ্ঞানীর

Tajanews24

Published: নভেম্বর 24, 2026, 9:13 অপরাহ্ন

কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ক্রমবর্ধমান শক্তিশালী মডেলগুলোর ক্ষেত্রে গোটা শিল্পের জন্য অভিন্ন সীমা বেঁধে দেওয়ার প্রস্তাব দিয়েছেন ওপেনএআইয়ের প্রধান বিজ্ঞানী ইয়াকুব পাচোকি। রয়টার্স জানিয়েছে, রোববার (২২ নভেম্বর) ‘পারপ্লেক্সিটি অ্যান্ড ইন্টেলিজেন্স’ শিরোনামে প্রকাশিত এক ব্লগ পোস্টে তিনি এ প্রস্তাব তুলে ধরেন এবং ওপেনএআইয়ের প্রধান নির্বাহী স্যাম অল্টম্যান তা সমর্থন করেন।

পাচোকির প্রস্তাব অনুযায়ী, এআইয়ের অগ্রগতি মাপার অভিন্ন মানদণ্ড হিসেবে ‘পারপ্লেক্সিটি’ ব্যবহার করা উচিত। এই মাপকাঠি দিয়ে বোঝা যায়, একটি মডেল গড়ে কতটা নির্ভুলভাবে পরের টোকেন বা শব্দাংশটি অনুমান করতে পারে; মান যত কম, অনুমান তত ভালো। তাঁর মতে, প্রচলিত বেঞ্চমার্কগুলো দ্রুত পুরোনো হয়ে যাচ্ছে, কারণ মডেলগুলো অল্প সময়েই সেসব পরীক্ষার সীমা ছাড়িয়ে যাচ্ছে।

ব্লগ পোস্টে ওপেনএআইয়ের আগের মডেলগুলোর স্কোরও তুলে ধরেছেন পাচোকি। টেকক্রাঞ্চ জানিয়েছে, জিপিটি-৩.৫-এর লগ-পারপ্লেক্সিটি ছিল প্রায় ০.৯৯, আর প্রায় ০.৯১ স্কোরের জিপিটি-৪ যুক্তির ধাপগুলো কাজে লাগাতে পারদর্শী হয়ে ওঠে, যা থেকে আধুনিক রিজনিং মডেলের যাত্রা শুরু হয়। স্কোর ০.৮-এর নিচে নামার পর সাইবার নিরাপত্তা ও গণিতের মতো ক্ষেত্রে যুগান্তকারী সক্ষমতা দেখা গেছে বলেও তিনি লিখেছেন।

পাচোকি সতর্ক করে বলেছেন, ২০২৭ সালের মধ্যেই এআই প্রশিক্ষণের পদ্ধতিতে মৌলিক অগ্রগতি আসতে পারে এবং সেই গতি মডেলের আচরণ বোঝা ও নজরদারির সক্ষমতাকে ছাড়িয়ে যেতে পারে। তাই এআইয়ের আচরণ বোঝা ও পর্যবেক্ষণের সক্ষমতা একটি নির্দিষ্ট মাইলফলকে না পৌঁছানো পর্যন্ত সম্মত সীমা অতিক্রম না করার প্রতিশ্রুতি দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। অল্টম্যান এক্সে লিখেছেন, এই লেখাটি সাম্প্রতিক সময়ে ওপেনএআইয়ের প্রকাশিত সবচেয়ে গুরুত্বপূর্ণ লেখাগুলোর একটি।

তবে প্রস্তাবটির সীমাবদ্ধতাও তুলে ধরেছেন গবেষকেরা। ওপেনএআইয়ের স্কোরগুলো তাদের নিজস্ব অভ্যন্তরীণ কোড ডেটাসেটের ভিত্তিতে তৈরি, ফলে ভিন্ন ভিন্ন কোম্পানির স্কোরের মধ্যে তুলনা করা কঠিন বলে পাচোকি নিজেই স্বীকার করেছেন। তিনি প্রথম সীমাটি কত হবে বা কবে তা কার্যকর হবে, তা নির্দিষ্ট করেননি; অন্য কোনো এআই প্রতিষ্ঠান এখনো এই প্রস্তাবে সম্মত হয়েছে বলেও জানা যায়নি।