ইরানের তথাকথিত ‘ছায়া ব্যাংকিং’ নেটওয়ার্ক ভেঙে দিতে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, সোমবার (২৩ নভেম্বর) ‘অপারেশন ইকোনমিক আউটকাস্ট’ কর্মসূচির আওতায় ইরানের দুই ডজনের বেশি মানি এক্সচেঞ্জ হাউস, ভুয়া বা ফ্রন্ট কোম্পানি ও গুরুত্বপূর্ণ ব্যক্তিকে নিষেধাজ্ঞার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের বিবৃতি অনুযায়ী, এই পদক্ষেপের আওতায় এসেছে ইরান ছাড়াও সংযুক্ত আরব আমিরাত, তুরস্ক ও হংকংভিত্তিক প্রতিষ্ঠান ও ব্যক্তিরা।
মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেছেন, ইরানের ছায়া ব্যাংকিং ব্যবস্থা একটি ‘দেউলিয়া শাসনের শেষ আর্থিক জীবনরেখা’। তিনি আরও বলেন, ইরানের অর্থনীতি গভীর সংকটে রয়েছে এবং দেশটির নেতারা আতঙ্কিত হয়ে পড়েছেন। অর্থ মন্ত্রণালয়ের দাবি, এই নেটওয়ার্কগুলো ভেঙে না দেওয়া পর্যন্ত তাদের অভিযান চলবে। গত ২৪ আগস্ট বেসেন্ট এই ‘অপারেশন ইকোনমিক আউটকাস্ট’ কর্মসূচির ঘোষণা দিয়েছিলেন, যার লক্ষ্য ইরানি শাসনের বাকি অর্থনৈতিক জীবনরেখাগুলো বিচ্ছিন্ন করা।
মার্কিন অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, এই ছায়া ব্যাংকিং ব্যবস্থা ইরানের কেন্দ্রীয় ব্যাংকের তত্ত্বাবধানে পরিচালিত হয় এবং এর মাধ্যমে আন্তর্জাতিক আর্থিক ব্যবস্থায় শত শত কোটি ডলার স্থানান্তরিত হয়। এতে ব্যাপক নিষেধাজ্ঞা সত্ত্বেও তেহরান বৈদেশিক মুদ্রার জোগান পেয়ে থাকে বলে ওয়াশিংটনের অভিযোগ। মার্কিন পররাষ্ট্র দপ্তর বলেছে, এই নেটওয়ার্কের অর্থ অস্ত্র কেনা ও মধ্যপ্রাচ্যজুড়ে প্রক্সি গোষ্ঠীগুলোকে সহায়তায় ব্যবহারের চেষ্টা করা হয়।
নিষেধাজ্ঞার তালিকায় থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে সারমায়েহ ব্যাংকের সঙ্গে যুক্ত ‘রাহবার’ কোম্পানি নেসিম বাহারান, মেল্লাত এক্সচেঞ্জ, ফাশকি এক্সচেঞ্জ ও ইরানের মুদ্রা ও স্বর্ণ বিনিময় কেন্দ্র। এ ছাড়া দুবাইভিত্তিক অন্তত আটটি ফ্রন্ট কোম্পানি, তুরস্কভিত্তিক একটি প্রতিষ্ঠান ও হংকংভিত্তিক গ্রান্দেজ ট্রেডিংও তালিকায় রয়েছে বলে সংশ্লিষ্ট প্রতিবেদনগুলোতে বলা হয়েছে। পদক্ষেপটি নেওয়া হয়েছে ইরানের আর্থিক ও ধাতু খাত এবং সন্ত্রাসবিরোধী কর্তৃত্বসংক্রান্ত বিদ্যমান নির্বাহী আদেশের আওতায়।
মার্কিন অর্থ মন্ত্রণালয় সতর্ক করে বলেছে, তৃতীয় কোনো দেশের আর্থিক প্রতিষ্ঠান নিষেধাজ্ঞাভুক্ত ব্যক্তি বা প্রতিষ্ঠানের পক্ষে উল্লেখযোগ্য লেনদেনে সহায়তা করলে কিংবা নিষেধাজ্ঞা এড়াতে সাহায্য করলে তারাও যুক্তরাষ্ট্রের আর্থিক ব্যবস্থা থেকে বিচ্ছিন্ন হওয়ার ঝুঁকিতে পড়বে। নিষেধাজ্ঞার ফলে তালিকাভুক্তদের যুক্তরাষ্ট্রে থাকা সম্পদ ও স্বার্থ জব্দ থাকবে। ইরানের পক্ষ থেকে এই সর্বশেষ পদক্ষেপ নিয়ে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।








