মালয়েশিয়ায় অভিবাসন পাসের শর্ত লঙ্ঘনের ঘটনায় বিদেশি নাগরিকদের মধ্যে বাংলাদেশিদের সংখ্যাই সবচেয়ে বেশি। ২০২৩ সাল থেকে চলতি বছরের ১৫ সেপ্টেম্বর পর্যন্ত এ ধরনের ৬ হাজার ৮৯৮টি ঘটনায় বাংলাদেশিদের সংশ্লিষ্টতা পাওয়া গেছে বলে দেশটির সংসদকে জানানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ও প্রথম আলোর প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুতিওন ইসমাইল বুধবার সংসদে দেওয়া এক লিখিত জবাবে এসব তথ্য জানান। মালয়েশিয়ার সংবাদমাধ্যম দ্য স্টারের বরাতে জানা গেছে, একই সময়ে দেশটিতে ১৯৬৩ সালের অভিবাসন বিধিমালার ৩৯(বি) ধারায় মোট ১৮ হাজার ৮৩৮টি অপরাধের ঘটনা নথিভুক্ত হয়েছে।
তালিকায় বাংলাদেশিদের পরেই রয়েছে থাইল্যান্ডের নাগরিকেরা, তাঁদের বিরুদ্ধে নথিভুক্ত হয়েছে ৪ হাজার ৮৫৬টি ঘটনা। এরপর ইন্দোনেশিয়ার ২ হাজার ১৫৪, চীনের ১ হাজার ২০৭, ভিয়েতনামের ১ হাজার ৪৬ ও পাকিস্তানের ৮২৩টি ঘটনা রয়েছে। এ ছাড়া মিয়ানমার, ভারত, নেপাল, লাওস ও ফিলিপাইনের নাগরিকদের ঘটনাও তালিকায় উল্লেখ করা হয়েছে।
বিরোধী দল বারিসান ন্যাশনালের সংসদ সদস্য উই কা সিয়ংয়ের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এসব তথ্য দেন। ওই সংসদ সদস্য ২০২৩ সাল থেকে সামাজিক ভ্রমণ পাস নিয়ে কাজ করার অভিযোগে আটক ১৫ হাজার ৩৪৯ জন বিদেশির জাতীয়তা ও কর্মক্ষেত্রভিত্তিক পরিসংখ্যান জানতে চেয়েছিলেন, তবে জবাবে খাতভিত্তিক কোনো পরিসংখ্যান দেয়নি মন্ত্রণালয়।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, সামাজিক ভ্রমণ পাস বা পর্যটনের জন্য ভিসা অব্যাহতি নিয়ে মালয়েশিয়ায় প্রবেশ করলেও তা দিয়ে কাজ করা বা ব্যবসা পরিচালনার অধিকার পাওয়া যায় না। বৈধ পাস ও ওয়ার্ক পারমিট ছাড়া বিদেশিদের কাজ বা বাণিজ্যিক কার্যক্রমে যুক্ত হওয়ার সুযোগ নেই বলেও তিনি জানান। চলতি বছরের জানুয়ারি থেকে মে পর্যন্ত দেশজুড়ে ৫ হাজার ৫৩টি অভিযানে ৭২ হাজার ৮৫৪ জনকে তল্লাশি করে পাসের শর্ত লঙ্ঘনের অভিযোগে ২ হাজার ৩০৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং বৈধ নথি ছাড়া বিদেশি নিয়োগ দেওয়ায় ৮০১ জন নিয়োগকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে বলে স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন।








