রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫১৭, আওয়ামী লীগের ৫৪ জনসহ

Tajanews24

Published: নভেম্বর 27, 2026, 5:38 পূর্বাহ্ন

রাজধানীর বিভিন্ন এলাকায় গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৫৪ জন নেতা-কর্মীসহ মোট ৫১৭ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জানিয়েছে, শুক্রবার সকালে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ডিএমপি এ তথ্য জানিয়েছে।

ডিএমপি জানিয়েছে, বৃহস্পতিবার রাজধানীর বিভিন্ন থানা এলাকায় এসব অভিযান চালানো হয়। একই সময়ে রাজধানীর বিভিন্ন থানায় ৫১টি মামলা দায়ের করা হয়েছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রমনা বিভাগে ২১ জন, লালবাগে ৪৭ জন, ওয়ারীতে ৮০ জন, মতিঝিলে ৫৭ জন, তেজগাঁওয়ে ৭৬ জন, মিরপুরে ১৪৬ জন, গুলশানে ৪৫ জন এবং উত্তরা বিভাগে ৪১ জন রয়েছেন। এছাড়া গোয়েন্দা বিভাগ (ডিবি) তিনজন এবং স্পেশাল রেসপন্স ইউনিট একজনকে গ্রেপ্তার করেছে বলে ডিএমপি জানিয়েছে।

অভিযানগুলোতে একটি বিদেশি তৈরি পিস্তল, একটি ম্যাগাজিন, চার রাউন্ড গুলি, একটি অবিস্ফোরিত ককটেল এবং বিস্ফোরিত চারটি ককটেলের খণ্ডাংশ উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

ডিএমপি আরও জানিয়েছে, অভিযানে ১২ দশমিক ৭ কেজি গাঁজা, ৯ হাজার ১৫৮টি ইয়াবা বড়ি ও একটি বাস জব্দ করা হয়েছে এবং একজন ভুক্তভোগীকে উদ্ধার করা হয়েছে।