অনলাইনে লাখ লাখ টাকার খাবার বিক্রি হলেও ভ্যাটের দাখিলপত্রে তার প্রতিফলন নেই — এমন অসংগতি পেয়েছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) গোয়েন্দা সংস্থা। তিনটি খাদ্য ডেলিভারি প্ল্যাটফর্মের এক মাসের বিক্রির তথ্য যাচাই করে প্রাথমিকভাবে ২৯টি পরিচিত রেস্তোরাঁর হিসাবে বড় ধরনের গরমিল ধরা পড়েছে বলে সমকাল জানিয়েছে। এই অনুসন্ধানের ভিত্তিতে সারাদেশের প্রায় ছয় থেকে সাত হাজার রেস্তোরাঁকে গোয়েন্দা নজরদারিতে আনার উদ্যোগ নিয়েছে মূসক নিরীক্ষা, গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।
গবেষণার অংশ হিসেবে ফুডপ্যান্ডা, ফুডি ও পাঠাও ফুডের কাছ থেকে নিবন্ধিত রেস্তোরাঁর তালিকা সংগ্রহ করে অধিদপ্তর। তালিকায় ফুডপ্যান্ডায় চার হাজার, ফুডিতে পাঁচ হাজার ৩৪৯টি এবং পাঠাও ফুডে তিন হাজার ৪৬৪টি প্রতিষ্ঠানের তথ্য পাওয়া গেছে; একাধিক প্ল্যাটফর্মে একই প্রতিষ্ঠানের নাম থাকায় প্রকৃত সংখ্যা ছয় থেকে সাত হাজার হতে পারে বলে ধারণা করা হচ্ছে। ওই তালিকা থেকে ২৯টি রেস্তোরাঁর গত আগস্টের ভ্যাট দাখিলপত্রের সঙ্গে তিন প্ল্যাটফর্মের বিক্রির তথ্য মিলিয়ে দেখা হয়।
বাজার সমীক্ষা অনুযায়ী, সাধারণত একটি রেস্তোরাঁর মোট বিক্রির সর্বোচ্চ ১০ শতাংশ অনলাইনে এবং বাকি ৯০ শতাংশ আউটলেট থেকে সরাসরি হয়। অথচ পর্যালোচিত ২৯টি প্রতিষ্ঠানের প্রতিটির ক্ষেত্রে দেখা গেছে, শুধু অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমেই তাদের বিক্রি দাখিলপত্রে দেখানো মোট বিক্রির চেয়ে বেশি। গোয়েন্দা কর্মকর্তাদের তথ্যমতে, সুলতানস ডাইনের মিরপুর-৬ শাখায় প্রায় ১৪ লাখ টাকা এবং পিজ্জা বার্গারের সাতটি শাখায় মোট ৮৪ লাখ টাকার হিসাবের অসংগতি পাওয়া গেছে; চিলক্সের খিলগাঁও, মোহাম্মদপুর ও বনানী শাখাসহ আরও কয়েকটি প্রতিষ্ঠানের ক্ষেত্রেও বড় অঙ্কের বিক্রির তথ্য গোপনের প্রমাণ মিলেছে। সব মিলিয়ে এসব প্রতিষ্ঠানের দাখিলপত্র ও অনলাইন বিক্রির মধ্যে কোটি কোটি টাকার পার্থক্য রয়েছে বলে জানানো হয়েছে।
গত মঙ্গলবার (২৪ নভেম্বর) অধিদপ্তরের মহাপরিচালক মুহম্মদ জাকির হোসেন স্বাক্ষরিত একটি চিঠিতে সারাদেশের ১৬টি কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কমিশনারদের কাছে এ-সংক্রান্ত তথ্য ও প্রয়োজনীয় নির্দেশনা পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন এনবিআরের জনসংযোগ কর্মকর্তা মো. আল আমিন শেখ।
এনবিআরের তথ্যমতে, রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জনে ই-কমার্স ও কুরিয়ার সেবার সঙ্গে সংশ্লিষ্ট প্রায় ২৭ হাজার সম্ভাব্য করদাতা ইতিমধ্যে চিহ্নিত করা হয়েছে। সংশ্লিষ্ট কমিশনারেটগুলো পর্যায়ক্রমে এসব রেস্তোরাঁর বিক্রির তথ্য যাচাই করে ভ্যাট ফাঁকির প্রকৃত চিত্র বের করবে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে; গোয়েন্দা কর্মকর্তাদের ধারণা, গভীরভাবে কাজ করলে এ খাত থেকে বড় অঙ্কের রাজস্ব আহরণের সুযোগ রয়েছে।








