আয়ারল্যান্ডে ড্রাইভিং লাইসেন্স পাওয়ার প্রক্রিয়া বেশ কঠিন, যার অন্যতম প্রধান ধাপ হলো থিওরি বা তত্ত্বীয় পরীক্ষা। এই পরীক্ষার প্রস্তুতি নিতে গিয়ে অনেক বাংলাভাষী অভিবাসী ইংরেজি ভাষা ও ট্রাফিক আইন বুঝতে গিয়ে বেশ সমস্যায় পড়েন। এই চ্যালেঞ্জ মোকাবিলায় এবার বাংলা ভাষায় ‘আইরিশ রোড রুলস’ নামে একটি বই ও একই নামের মোবাইল অ্যাপ বাজারে এসেছে। আইরিশ সড়ক আইন, ট্রাফিক সাইন এবং নিয়মকানুন সহজভাবে শেখার উদ্দেশ্যে এগুলো তৈরি করা হয়েছে। বিশেষ করে নতুন অভিবাসী ও ইংরেজিতে তুলনামূলক কম দক্ষ ব্যক্তিদের জন্য বিষয়গুলো বুঝে প্রস্তুতি নেওয়া কঠিন হতে পারে।
বইটি লিখেছেন এবং অ্যাপটি উদ্ভাবন করেছেন আয়ারল্যান্ডপ্রবাসী সাদিয়া ইসলাম ইরা। তাঁর প্রতিষ্ঠান ইরা টেক লিমিটেডের মাধ্যমে এই ডিজিটাল ও মুদ্রিত সেবাটি নিশ্চিত করা হয়েছে। মূলত ইংরেজি প্রশ্নের বাংলা অর্থ বুঝে সড়ক ব্যবহারের নিয়মকানুন আয়ত্ত করা এবং ট্রাফিক সাইন ও রোড মার্কিং সম্পর্কে স্বচ্ছ ধারণা পাওয়াই এই উদ্যোগের মূল লক্ষ্য। ব্যবহারকারীরা যাতে শুধু প্রশ্নের উত্তর মুখস্থ না করে বিষয়গুলো বুঝে শিখতে পারেন, সেই বিষয়টি এখানে গুরুত্ব পেয়েছে। এই বাস্তবতা বিবেচনায় রেখে বই ও অ্যাপটি প্রকাশ করা হয়েছে।
প্রযুক্তিপ্রেমী ও নিয়মিত পাঠকদের জন্য আইফোন ও অ্যান্ড্রয়েড স্মার্টফোনে ব্যবহারের উপযোগী এই অ্যাপটি অ্যাপল অ্যাপ স্টোর ও গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। অ্যাপটি ব্যবহারের জন্য এককালীন ২৪.৯৯ ইউরো খরচ করতে হবে। মুদ্রিত বইয়ের পাশাপাশি মোবাইল অ্যাপ ব্যবহারের সুযোগ থাকায় শিক্ষার্থীরা তাদের পছন্দমতো যেকোনো মাধ্যমে পরীক্ষার প্রস্তুতি নিতে পারবেন, যা শেখার প্রক্রিয়াকে আরও গতিশীল ও সুবিধাজনক করবে।
তবে ড্রাইভিং পরীক্ষার চূড়ান্ত প্রস্তুতির জন্য বই কিংবা অ্যাপের ওপর পুরোপুরি নির্ভর না করে আয়ারল্যান্ডের সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষের সর্বশেষ প্রকাশিত নির্দেশিকাগুলো নিয়মিত অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে। ডিজিটাল ও মুদ্রিত মাধ্যমের এই সমন্বিত উদ্যোগ নতুন অভিবাসীদের জন্য আইরিশ সড়কের নিয়মকানুন আয়ত্ত করার পথ অনেকটাই সুগম করবে বলে আশা করা হচ্ছে।






